মান্ডি, ৫ জুলাই (হি.স.): হিমাচল প্রদেশের মান্ডি জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির ভিতরে ঢুকে পড়ল ট্রাক। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের, প্রাণে বাঁচলেও একজন গুরুতর আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ভোরে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে। মান্ডি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আশিষ শর্মা জানিয়েছেন, মঙ্গলবার ভোরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ভিতরে ঢুকে যায়, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের ও একজন আহত হয়েছেন।
ট্রাকটির সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে যায়, ওই বাড়ির দেওয়াল ভেঙে যায়। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে পুলিশ। আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

