কিছুটা কমে দৈনিক সংক্ৰমণ ১৫,৯৪০, ভারতে সক্রিয় করোনা-রোগী বেড়ে ৯১,৭৭৯

নয়াদিল্লি, ২৫ জুন (হি.স.): আগের দিনের তুলনায় ভারতে বেশ খানিকটা কমে গিয়েছে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা। শুক্রবার সারাদিনে ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৯৪০ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ২০ জনের। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ৯১ হাজার ৭৭৯-তে পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শুক্রবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৯৪০ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা বেড়ে ৯১,৭৭৯-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৩,৪৯৫ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.২১ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে।

বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১৫ লক্ষ ৭৩ হাজার ৩৪১ জন প্রাপক, ফলে ভারতে শনিবার সকাল আটটা পর্যন্ত ১,৯৬,৯৪,৪০,৯৩২ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ২০ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৪,৯৭৪ জন (১.২১ শতাংশ)। শুক্রবার সারা দিনে ভারতে সুস্থ হয়েছেন ১২,৪২৫ জন। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,২৭,৬১,৪৮১ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৫৮ শতাংশ।