নয়াদিল্লি, ৬ মে (হি.স.) : শুক্রবার সকালে পঞ্জাব পুলিশ দিল্লির বাড়ি থেকে বিজেপি নেতা তাজিন্দর বাগ্গাকে গ্রেফতার করার কয়েক ঘন্টা পরে আম আদমি পার্টির মুখপাত্র সৌরভ ভরদ্বাজ অভিযোগ করেন, দিল্লিতে বিজেপি নেতারা পঞ্জাবে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টা করছেন।
সাইবার সেলের কাছে নথিভুক্ত একটি অভিযোগের ভিত্তিতে পঞ্জাব পুলিশ শুক্রবার সকালে বাগ্গাকে তার দিল্লির বাড়ি থেকে গ্রেফতার করেছিল। গত ৩০ মার্চ বিক্ষোভ চলাকালীন একটি টুইট বার্তায় বাগ্গা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। অভিযোগকারী পুলিশের কাছে বাগ্গার বিবৃতি এবং ভিডিও ক্লিপও জমা দিয়েছেন।
এদিন সকালে দিল্লির বাসভবন থেকে বিজেপি নেতা তাজিন্দর বাগ্গাকে পঞ্জাব পুলিশ গ্রেফতার করার পরে দিল্লি পুলিশ এই পদক্ষেপের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করেছে। এদিকে, পঞ্জাব পুলিশের দল বাগ্গাকে মোহালিতে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার সময় কুরুক্ষেত্রের খানপুরে হরিয়ানা পুলিশ থামিয়েছিল। দিল্লি পুলিশ জানিয়েছে, বাগ্গার বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ কাজ করছে।

