কাশগঞ্জ, ৩ মে (হি.স.): উত্তর প্রদেশের কাশগঞ্জ জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পোতে ধাক্কা মারল একটি এসইউভি গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের, এছাড়াও আরও ৬ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে কাশগঞ্জ জেলার পাটিয়ালী এলাকায়, বদায়ু-মৈনপুরী হাইওয়ের ওপর। ‘সৎসঙ্গের’ কিছু মানুষজনকে নিয়ে গন্তব্যের দিকে যাচ্ছিল একটি টেম্পো। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি এসিভি গাড়ি ওই টেম্পোতে ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দু’জনের মৃত্যু হয়। আহত ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার কাশগঞ্জ জেলার পাটিয়ালী এলাকায়, বদায়ু-মৈনপুরী হাইওয়ের ওপর একটি টেম্পো ও গাড়ির সংঘর্ষ হয়। যাত্রীবাহী টেম্পোতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে এসইউভি গাড়িটি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে টেম্পোতে থাকা ৫ মহিলা ও দু’টি শিশুর। এসইউভি গাড়ির একজনের মৃত্যু হয়েছে। খবর পাওয়ার পর দুর্ঘটনাস্থলে যান জেলাশাসক হর্ষিতা মাথুর ও পুলিশ সুপার রোহান প্রমোদ বোত্রে। পুলিশ জানিয়েছে, পাটিয়ালির বাহাদুর নগরে একটি আশ্রম রয়েছে, যেখানে প্রতি মঙ্গলবার মানুষ ‘সৎসঙ্গ’ করতে আসেন। নিহতরা ফারুখাবাদের চিলোলি গ্রাম থেকে সেখানে যাচ্ছিলেন।

