রোপার, ১৮ এপ্রিল (হি.স.): পঞ্জাবের রোপার জেলায় ভাকরা খালে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল যাত্রীবোঝাই একটি গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই মহিলা-সহ ৫ জনের। এছাড়াও দু’টি শিশু তলিয়ে গিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি রাজস্থানের। সোমবার সকাল ১০.৩০ মিনিট দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, কিরাতপুর সাহিবের দিক থেকে আসছিল গাড়িটি। একটি বেসরকারি বাসের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়, এরপর ভাকরা খালে গাড়িটি পড়ে যায়।
ডিএসপি বরিন্দর পাল সিং জানিয়েছেন, সোমবার সকাল ১০.৩০ মিনিট নাগাদ কিরাতপুর সাহিব-রোপার রোডের ওপর আহমেদপুর গ্রামের কাছে একটি বেসরকারি বাসের সঙ্গে সংঘর্ষের পর ভাকরা খালে পড়ে যায় একটি গাড়ি। সেই সময় রাস্তা থেকে যাচ্ছিলেন একজন পথচারী, তিনিই খবর দেন পুলিশে। ক্রেনের সাহায্যে খাল থেকে তোলা হয় গাড়িটিকে, ততক্ষণে মৃত্যু হয় ৫ জনের। ওই গাড়িতে দু’টি শিশু ছিল বলে জানা গিয়েছে। ওই শিশু দু’টি খালে তলিয়ে গিয়েছে।

