জলপাইগুড়ি, ১০ ফেব্রুয়ারি (হি. স.) : রাজগঞ্জ ব্লকের ৩১ নং জাতীয় সড়কের তালমা সেতুতে এক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ভাইয়ের। বন্ধুর বিয়েতে গিয়ে আর বাড়ি ফেরা হল না। গুরুতর যখম অপর এক যুবক।
ঘটনায় শোকের ছায়া রাজগঞ্জের কামার ভিটা এলাকায়। বুধবার রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের দুই যুবকের। ঘটনায় শোকের ছায়া রাজগঞ্জের আমবাড়ি এলাকার কামার ভিটা গ্রামে। মৃত দুই যুবক সম্পর্কে জ্যাঠতুতো খুড়তুতো ভাই।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে রাজগঞ্জ ব্লকের আমবাড়ি ফালাকাটা কামারভিটা এলাকার তিন যুবক তাদের বন্ধুর বিয়ে উপলক্ষে একটি বাইকে চেপে জলপাইগুড়ির মোহিত নগর এলাকার এসেছিল। বিয়ে বাড়ি থেকে ফেরার পথে তাদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে তালমা সেতুতে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হয় তিন জন। এরপর তাদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে দুই যুবকের মৃত্যু হয়। মৃত দুই যুবক মুন্না দাস ও শুভ দাস। বাইকে থাকা আরও এক যুবক গুরুতর জখম অবস্থায় শিলিগুড়ি এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি রয়েছে।

