Crushed : কাঁকুড়গাছিতে ম্যাটাডোরের চাকায় পিষ্ট মহিলা

কলকাতা, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : রাতের শহরে বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য। উত্তর কলকাতার কাঁকুড়গাছির ঘটনায় ম্যাটাডোরের চাকায় পিষ্ট মহিলা।

শুক্রবার রাতে কাঁকুড়গাছির ট্রামলাইন দিয়ে স্বামীর সঙ্গে বাইকে চড়ে যাচ্ছিলেন ওই মহিলা। ট্রামলাইনে বাইকের চাকা আটকে যায়। জোর করে বাইক চালাতে গেলে বিপত্তি ঘটে। বাইক থেকে ট্রামলাইনে ছিটকে পড়েন মহিলা। সেই সময় ট্রামলাইনের কাছ দিয়েই যাচ্ছিল একটি ম্যাটাডোর। রাস্তায় পড়ে যাওয়ার পর ওই মহিলার মাথার উপর দিয়ে ম্যাটাডোরটি চলে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় মহিলার। মৃতার স্বামীও আঘাত পান। তাঁকে উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই ব্যক্তি। দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছয় ফুলবাগান থানার পুলিশ। ঘাতক ম্যাটাডোরটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। আটক চালক।


প্রসঙ্গত, গত মাসেই বেপরোয়া গাড়িচালকের দৌরাত্ম্যে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুরের বাপুজিনগর। গাড়ির ধাক্কায় প্রাণ হারান এক মোটরবাইক চালক। পার্টি সেরে মদ্যপ অবস্থায় ফেরার পথে এই কাণ্ড ঘটায় গাড়িচালক।