নিজস্ব প্রতিনিধি, গণ্ডাছড়া, ২৩ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে গণ্ডাছড়ায় নির্বাচনী প্রচারে নামল সিপিআইএম। বুধবার সিপিআইএম গণ্ডাছড়া মহকুমা কমিটির উদ্যোগে গণ্ডাছড়া বাজারে আয়োজিত হয় নির্বাচনী জনসভা। জনসভার আগে সিপিআইএম মহকুমা কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করার পর জনসভাস্থলে পৌঁছায়।
জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য ললিত ত্রিপুরা, মহকুমা সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা, সুমতি রঞ্জন চাকমা, অর্চনা দাস, সুশান্ত হাজারি, শৈলেশ দাস-সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
সভায় বক্তব্য রাখতে গিয়ে ভিলেজ কমিটি নির্বাচন দীর্ঘদিন ধরে না হওয়া নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন জিতেন্দ্র চৌধুরী। তাঁর দাবি, বিজেপি সাধারণ মানুষ এবং বিশেষ করে এডিসি এলাকার মানুষকে রাজনৈতিকভাবে ভয় পায় বলেই গত পাঁচ বছর ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
জিতেন্দ্র চৌধুরীর আরও দাবি, একটি রাজনৈতিক দল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পর আদালতের হস্তক্ষেপে সরকার শেষ পর্যন্ত ভিলেজ কমিটির নির্বাচন করতে বাধ্য হয়েছে। তাঁর বক্তব্য, নির্বাচনের আগেই এই ঘটনাকে সরকারের রাজনৈতিক পরাজয় হিসেবে দেখা উচিত।
নির্বাচন পরিচালনার জন্য সরকারি অর্থ ব্যয়ের বিষয়টিও সভায় তুলে ধরেন বিরোধী দলনেতা। তাঁর দাবি, নির্বাচনে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হবে, তা বিজেপি, আইপিএফটি কিংবা তিপ্রা মথার ব্যক্তিগত অর্থ নয়—এটি জনগণের অর্থ এবং রাষ্ট্রের অর্থ। সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে আইন ও নির্ধারিত নিয়ম মেনে চলার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়াও গত পাঁচ বছরে গ্রামসভা, রেগা প্রকল্প এবং পঞ্চায়েত ব্যবস্থাকে ঘিরে সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন জিতেন্দ্র চৌধুরী। তাঁর অভিযোগ, দীর্ঘ সময় গ্রামসভা অনুষ্ঠিত হয়নি এবং রেগার অর্থের অপব্যবহার করা হয়েছে। এই সমস্ত বিষয়কে সামনে রেখে তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক ও সাংবিধানিক ব্যবস্থাকে দুর্বল করার অভিযোগ তোলেন।
আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে গণ্ডাছড়ায় এই জনসভা ও মিছিলের মাধ্যমে সিপিআইএম তাদের নির্বাচনী প্রচার আরও জোরদার করল।
























