আগরতলা, ২৩ সেপ্টেম্বর: আসন্ন দুর্গাপূজা ও সামগ্রিকভাবে শহরের যান চলাচল ব্যবস্থা আরও সুষ্ঠু করতে নতুন উদ্যোগ নিল আগরতলা ট্রাফিক ইউনিট। এরই অংশ হিসেবে বিভিন্ন বাজার কমিটি, ব্যবসায়ী সংগঠন ও ইউনিয়নের সঙ্গে সরাসরি বৈঠক করে তাদের সমস্যাগুলি জানার পাশাপাশি ট্রাফিক দপ্তরের প্রত্যাশা ও করণীয় নিয়ে আলোচনা করা হচ্ছে। এই উদ্যোগের সূচনা করা হয়েছে মহারাজগঞ্জ বাজার থেকে।
বুধবার মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ী ও বাজার কমিটির সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন ট্রাফিক দপ্তরের আধিকারিকরা। বৈঠকে বাজারে যানজট, অবৈধ পার্কিং, নো-এন্ট্রি বিধি লঙ্ঘন, একমুখী যান চলাচলের নিয়ম না মানা এবং রাস্তার উপর দীর্ঘ সময় ধরে বড় গাড়ি দাঁড় করিয়ে রাখার মতো বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।
ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, মহারাজগঞ্জ একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ত বাজার। প্রতিদিন এখানে প্রচুর মানুষ কেনাকাটা করতে আসেন। কিন্তু নিয়ম না মেনে যানবাহন চলাচল ও পার্কিংয়ের কারণে পথচারী এবং ক্রেতাদের সমস্যায় পড়তে হয়। বিশেষ করে বড় গাড়িগুলি দীর্ঘ সময় রাস্তার উপর দাঁড়িয়ে থাকায় যান চলাচল ব্যাহত হয় এবং যানজটের সৃষ্টি হয়।
ট্রাফিক দপ্তরের এক আধিকারিক জানান, নতুন এই উদ্যোগের মাধ্যমে বিভিন্ন মার্কেট কমিটি, ব্যবসায়ী সংগঠন, ইউনিয়ন এবং মোটর স্ট্যান্ডের সঙ্গে সরাসরি আলোচনা করা হবে। প্রথমে সংশ্লিষ্ট এলাকার সমস্যা ও ব্যবসায়ীদের বক্তব্য শোনা হবে। এরপর ট্রাফিক ব্যবস্থাপনা আরও উন্নত করতে দপ্তরের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে।
তিনি বলেন, শুধুমাত্র শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পরিবর্তে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আসন্ন দুর্গাপূজার সময় যাতে শহরের যান চলাচল স্বাভাবিক থাকে এবং সাধারণ মানুষকে সমস্যায় পড়তে না হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে আরও জানানো হয়, মহারাজগঞ্জের পর আগরতলা শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ বাজার, বাজার কমিটি, বিভিন্ন ইউনিয়ন ও মোটর স্ট্যান্ডে গিয়েও একইভাবে বৈঠক করা হবে। সংশ্লিষ্ট সকলের সমস্যা ও পরামর্শ শুনে সমন্বিতভাবে কাজ করার মাধ্যমে দুর্গাপূজা এবং পরবর্তী সময়েও শহরের ট্রাফিক ব্যবস্থাপনা আরও উন্নত করার লক্ষ্য রয়েছে দপ্তরের।



















