নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি গ্রামে নিজের বাড়ির বাইরে মদ্যপান ও চিৎকার-চেঁচামেচি নিয়ে আপত্তি করায় একদল ডেলিভারি কর্মী ও ধাবা কর্মীর সঙ্গে বচসার পর হামলার শিকার হয়ে মৃত্যু হল মণিপুরের ৫৪ বছর বয়সি সঙ্গীতশিল্পী সি. বিক্রম সিংয়ের। ঘটনায় নাবালক-সহ মোট আটজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, কিলোকরি গ্রামে দীর্ঘদিন ধরে বসবাসকারী বিক্রম সিংয়ের ওপর হামলার ঘটনায় সানলাইট কলোনি থানায় একটি পিসিআর কল আসে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তাঁর অ্যাপার্টমেন্টের বাইরে একদল ব্যক্তি মদ্যপান করে উচ্চস্বরে হৈচৈ করছিলেন। বিক্রম সিং তাঁদের আপত্তি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং অভিযুক্তরা তাঁকে ঘুষি ও অন্যান্যভাবে মারধর করে বলে অভিযোগ।
ঘটনার পর বিক্রমের ছেলে ইয়াইফাবা তাঁকে দ্রুত হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যান। তবে পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার পর তদন্ত শুরু করে পুলিশ। এই ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে এবং আরও এক নাবালককে হেফাজতে নেওয়া হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন ভারত কুমার (১৯), প্রমোদ (২৬), রমজান খান (২২), দীপাংশু (২১), মোহন বিশ্বকর্মা (৩২), বিজয় (৩৬) এবং মান্নু (২৬)। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা বিভিন্ন ধাবা ও খাবারের দোকানে কাজ করেন।
এদিকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ইস্ট স্টুডেন্টস সোসাইটি (এন ই এস এস ডি ইউ) বিক্রম সিংয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। সংগঠনটি তাঁকে একজন সম্মানিত মণিপুরি সঙ্গীতশিল্পী হিসেবে উল্লেখ করেছে।
এন ই এস এস ডি ইউ-র দাবি, অ্যাপার্টমেন্টের বাইরে কয়েকজনকে মদ্যপান করে উচ্চস্বরে হৈচৈ করতে দেখে বিক্রম সিং নিচে নেমে তাঁদের শব্দ কমানোর অনুরোধ করেছিলেন। এরপরই তাঁর ওপর হামলা চালানো হয় এবং তিনি গুরুতর আহত হন বলে সংগঠনটির অভিযোগ।
ঘটনাটিকে ‘বিবেকহীন হিংসার ঘটনা’ হিসেবে উল্লেখ করে এন ই এস এস ডি ইউ দ্রুত, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে। একই সঙ্গে ঘটনায় যারা দায়ী প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে সংগঠনটি।
পুলিশ জানিয়েছে, বিক্রম সিংয়ের ওপর হামলা এবং তাঁর মৃত্যুর পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত এখনও চলছে।



















