ধর্মনগর, ২৯ আগস্ট: ভ্রাতৃত্ব, বিশ্বাস, ভালোবাসা ও পারস্পরিক সুরক্ষার বার্তা নিয়ে ধর্মনগর থানায় রাখি বন্ধন উৎসব পালন করল উত্তর জেলা মহিলা মোর্চা ও ধর্মনগর এবিভিপি। শনিবারের এই কর্মসূচিতে সংগঠনের সদস্যরা থানায় উপস্থিত হয়ে কর্তব্যরত পুলিশকর্মীদের হাতে রাখি পরিয়ে তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সদস্যরা বলেন, রাখি শুধু একটি সুতো নয়, এটি ভ্রাতৃত্ব, বিশ্বাস, ভালোবাসা, দায়িত্ববোধ ও পারস্পরিক সুরক্ষার প্রতীক। সমাজের নিরাপত্তা রক্ষায় পুলিশকর্মীরা দিনরাত যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, তাঁদের প্রতি সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রাখি বন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার-সহ ধর্মনগর থানার একাধিক পুলিশ আধিকারিক ও কর্মী। তাঁদের হাতে রাখি পরিয়ে সমাজ ও দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা দেন মহিলা মোর্চা ও এবিভিপির সদস্যরা।
এদিনের কর্মসূচির মধ্য দিয়ে একতা, আত্মীয়তা, সেবা ও সংস্কৃতির চেতনাকে আরও শক্তিশালী করার সংকল্প নেওয়া হয়। কর্মসূচিতে অংশ নেওয়া পুলিশকর্মীরাও এই উদ্যোগের জন্য মহিলা মোর্চা ও এবিভিপি সদস্যদের ধন্যবাদ জানান।
রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে ধর্মনগর থানায় এদিন এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।



















