News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অচল আইজিএম হাসপাতালের লিফট পরিষেবা, ছয়তলা সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে রোগী-পরিজনদের
Image

অচল আইজিএম হাসপাতালের লিফট পরিষেবা, ছয়তলা সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে রোগী-পরিজনদের

আগরতলা, ২৯ আগস্ট: রাজ্যের অন্যতম প্রধান সরকারি হাসপাতাল আইজিএম হাসপাতালের লিফট পরিষেবা অচল হয়ে পড়ায় চরম দুর্ভোগের মুখে পড়েছেন রোগী ও তাঁদের পরিজনরা। শনিবার সকাল থেকে হাসপাতালের তিনটি লিফটের মধ্যে মাত্র একটি লিফট সচল ছিল। অতিরিক্ত চাপের কারণে পরবর্তীতে সেটিও অচল হয়ে পড়ে বলে অভিযোগ।

লিফট পরিষেবা বন্ধ থাকায় বিকল্প কোনো র‍্যাম্প ব্যবস্থা না থাকায় রোগী ও তাঁদের পরিজনদের বাধ্য হয়ে ছয়তলা পর্যন্ত সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে। গুরুতর অসুস্থ রোগীদের নিয়ে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গিয়ে আরও সমস্যায় পড়ছেন পরিবারের সদস্যরা। হাসপাতালের পরিষেবায় নিয়োজিত কর্মীদেরও অপারেশনের সামগ্রী নিয়ে লিফটের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়।

হাসপাতালের এক বেসরকারি নিরাপত্তাকর্মী গোপন ক্যামেরায় নিজের অভিজ্ঞতা তুলে ধরে জানান, লিফট পরিষেবা অচল থাকায় রোগীদের নিয়ে ছয়তলা পর্যন্ত সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হচ্ছে। এতে রোগী এবং তাঁদের সঙ্গে থাকা পরিজনদের ব্যাপক সমস্যার মুখে পড়তে হচ্ছে।

শুধু লিফট নয়, হাসপাতালের বিদ্যুৎ পরিষেবা নিয়েও অভিযোগ উঠেছে। রোগী-পরিজনদের দাবি, ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ চলে যাওয়ায় প্রচণ্ড গরমের মধ্যে হাসপাতালের ভিতরে দুর্বিষহ পরিস্থিতি তৈরি হচ্ছে। এক রোগীর পরিজন হাসপাতালের বিদ্যুৎ সমস্যার কারণে রোগীদের দুর্ভোগের কথা তুলে ধরেন।

এদিকে, হাসপাতালের বহুতল ভবনের পরিকাঠামো নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। অভিযোগ, এমন একটি গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালে লিফটের পাশাপাশি জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য পর্যাপ্ত বিকল্প ব্যবস্থা থাকা প্রয়োজন। বিশেষ করে র‍্যাম্প ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য শক্তিশালী জেনারেটর পরিষেবা থাকা জরুরি বলে দাবি রোগী-পরিজনদের।

রাজ্যের অন্যতম প্রধান সরকারি হাসপাতাল আইজিএমে লিফট ও বিদ্যুৎ পরিষেবার এই পরিস্থিতি চিকিৎসা পরিষেবার পরিকাঠামো নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। দ্রুত লিফট পরিষেবা সচল করা এবং বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন রোগী ও তাঁদের পরিজনরা।

Releated Posts

বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষার্থীদের পছন্দের শিল্পকলাকে একীভূত করে নতুন পাঠ্যক্রম তৈরী করা উচিৎ: রাজ্যপাল

আগরতলা, ২৯ আগস্ট: ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু পরামর্শ দিয়েছেন যে, বিশ্ববিদ্যালয়গুলি যেন তাদের বিদ্যমান গতানুগতিক পাঠ্যক্রমের সাথে…

ByByNews Desk Aug 29, 2026

ধ্যানচাঁদের জন্মদিনে বিলোনিয়ায় জাতীয় ক্রীড়া দিবস পালন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: ভারতীয় হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে শনিবার বিলোনিয়ায় দক্ষিণ জেলা ভিত্তিক জাতীয় ক্রীড়া দিবস…

ByByNews Desk Aug 29, 2026

৪ সেপ্টেম্বরের ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের সমর্থনে খোয়াই ও সিপাহীজলায় গাড়ি র‍্যালি

চড়িলাম, ২৯ আগস্ট: বিভিন্ন দাবি-দাওয়াকে সামনে রেখে আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে এনএলএফটি-র…

ByByNews Desk Aug 29, 2026

দক্ষিণ মাছমারায় শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স পরিষেবা, স্বনির্ভর গোষ্ঠীর হাতে তুলে দিলেন বিধায়ক ভগবান দাস

আগরতলা, ২৯ আগস্ট: জনস্বার্থে আরও এক পদক্ষেপ নিলেন পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান দাস। শনিবার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের…

ByByNews Desk Aug 29, 2026

Leave a Reply

Scroll to Top