আগরতলা, ২৪ আগস্ট: সংসার চালানোর পাশাপাশি গাড়ির কিস্তি পরিশোধ করতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন টমটম চালকরা। এর মধ্যেই ট্রাফিক পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত জরিমানা আদায় করা হচ্ছে বলে অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন একাংশ ই-রিক্সা চালক।
চালকদের অভিযোগ, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মুক্তা ঘোষের বিরুদ্ধে তাঁরা অতিরিক্ত জরিমানা আদায়ের অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, প্রতিদিন যাত্রী নিয়ে মোটরস্ট্যান্ড এলাকায় প্রবেশ করলেই তাঁদের কাছ থেকে ১,০০০ টাকা করে জরিমানা নেওয়া হচ্ছে। এমনকি জরিমানা দেওয়ার পরও অনেক ক্ষেত্রে রসিদ দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তাঁরা।
চালকদের বক্তব্য, ই-রিক্সা চালিয়ে যা আয় হয়, তা দিয়ে একদিকে সংসার চালানো, অন্যদিকে গাড়ির কিস্তি পরিশোধ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এর মধ্যে প্রতিদিন মোটা অঙ্কের জরিমানা দিতে হলে তাঁদের আর্থিক পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠছে।
ক্ষোভ প্রকাশ করতে গিয়ে এক চালক আবেগতাড়িত হয়ে বলেন, “আমাদের বিষ দিন, বিষ খেয়ে এবং ছেলে-মেয়েদের খাইয়ে মরে যাই!” তাঁদের দাবি, গাড়ি দেখে বিয়ে করে স্ত্রী শ্বশুরবাড়িতে চলে যান—অথচ সংসারের টানাপোড়েন ও গাড়ির কিস্তির বোঝা সামলাতে গিয়ে তাঁরা চরম জীবনযন্ত্রণার মধ্যে রয়েছেন।
এই পরিস্থিতিতে সোমবার পূর্ব থানায় একত্রিত হয়ে টমটম চালকরা ডেপুটেশন দেন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁরা তাঁদের বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এবং সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।





















