ত্রিপুরা

আমতলীতে কুখ্যাত চোর গ্রেফতার, পুলিশ রিমান্ডের আবেদন

আগরতলা, ২৪ আগস্ট: আমতলী থানার পুলিশের অভিযানে একাধিক চুরির ঘটনায় অভিযুক্ত এক কুখ্যাত চোরকে গ্রেফতার করা হয়েছে। রবিবার গভীর রাতে বাধারঘাট এলাকা থেকে অভিজিৎ গোয়ালা নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিজিৎ গোয়ালা আমতলী থানা এলাকার একাধিক চুরির ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তাকে গ্রেফতারের পর চুরি সংক্রান্ত বিভিন্ন তথ্যের সন্ধানে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

সোমবার দুপুরে আমতলী থানার সাব-ইন্সপেক্টর দিলীপ দাস সাংবাদিকদের জানান, চুরির ঘটনা রুখতে রাতের বেলায় এলাকায় বিশেষ টহলদারি বাড়ানো হয়েছে। আগামী দিনে আমতলী এলাকাকে চোরমুক্ত করার লক্ষ্যে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

এদিন ধৃত অভিজিৎ গোয়ালাকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়। পুলিশের ধারণা, তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে চুরি চক্রের সঙ্গে যুক্ত আরও কয়েকজনের সন্ধান পাওয়া যেতে পারে। পাশাপাশি বিভিন্ন সময়ে চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করছে পুলিশ।