আগরতলা, ৯ অক্টোবর: দুর্গাপুজো উপলক্ষে আগামী ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন পশ্চিম ত্রিপুরা জেলার সমস্ত বিদেশি মদের দোকান, দেশি মদের দোকান এবং লাইসেন্সপ্রাপ্ত বার বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। এই পাঁচ দিনকে ‘ড্রাই ডে’ বা মদ বিক্রয় নিষিদ্ধ দিবস হিসেবে পালন করতে হবে।
পশ্চিম ত্রিপুরা জেলার আবগারি দপ্তরের কালেক্টর তথা আইএএস আধিকারিক ড. বিশাল কুমার একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। ত্রিপুরা আবগারি বিধি, ১৯৯০-এর ১৭৪-এ(ই) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশ জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত পাঁচ দিন জেলার সমস্ত বিদেশি মদের দোকান, দেশি মদের দোকান ও লাইসেন্সপ্রাপ্ত বার সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। নির্দেশ অমান্য করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও স্পষ্টভাবে জানানো হয়েছে।
পশ্চিম ত্রিপুরা জেলার অধীন সমস্ত বিদেশি ও দেশি মদের দোকানের লাইসেন্সধারী এবং বার মালিকদের নির্দেশটি কঠোরভাবে মেনে চলার জন্য জানানো হয়েছে।