News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাংবাদিকতার সঙ্গে সমাজসেবার মেলবন্ধন, সাব্রুমে মেগা রক্তদান শিবির
Image

সাংবাদিকতার সঙ্গে সমাজসেবার মেলবন্ধন, সাব্রুমে মেগা রক্তদান শিবির

সাব্রুম, ৮ আগস্ট: সামাজিক দায়বদ্ধতা ও গণতান্ত্রিক চেতনাকে সামনে রেখে সাব্রুমে অনুষ্ঠিত হলো মেগা স্বেচ্ছা রক্তদান শিবির ও চিত্র প্রদর্শনী। শনিবার সাব্রুম প্রেস মিডিয়া ক্লাব এবং ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাব্রুম মহকুমা কমিটির যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। একই সঙ্গে সংস্থার বার্ষিক স্মরণিকা ‘দক্ষিণী বার্তা’-র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয় পাল, সাধারণ সম্পাদক সুনীল দেবনাথ, সাব্রুম মহকুমা শাসক সুমন রক্ষিত, মহকুমা পুলিশ আধিকারিক দীপ্তনু বিশ্বাস, টিএসআর ১৪ ব্যাটালিয়নের অ্যাডজুট্যান্ট নিত্যানন্দ সরকার, টিএসআর ৯ ব্যাটালিয়নের নায়ক সুবেদার পিন্টু দাস, পিএমশ্রী দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন বিশ্বাস এবং সমাজসেবী শান্তিপ্রিয় ভৌমিক ও গৌতম ত্রিপুরা-সহ বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, সংবাদমাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকরা সাধারণ মানুষ ও নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধনের ভূমিকা পালন করেন। সাংবাদিকরা স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করলে গণতন্ত্র আরও শক্তিশালী হয়। সরকারের ভালো কাজ যেমন সংবাদমাধ্যমে তুলে ধরতে হবে, তেমনই সরকারের ভুল-ত্রুটিও নির্ভয়ে মানুষের সামনে তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।

স্বেচ্ছা রক্তদান প্রসঙ্গে জিতেন্দ্র চৌধুরী বলেন, সারা দেশে প্রতিবছর বিপুল পরিমাণ রক্তের প্রয়োজন হয়। সেই তুলনায় নিরাপদ রক্ত সবসময় পর্যাপ্ত পরিমাণে সহজলভ্য হয় না। মুমূর্ষু রোগী, দুর্ঘটনায় আহত ব্যক্তি এবং বিভিন্ন চিকিৎসাজনিত কারণে রক্তের প্রয়োজন হওয়া রোগীদের জন্য স্বেচ্ছায় রক্তদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিক সংগঠনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে তিনি আরও বেশি মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।

দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্তও গণতন্ত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ না করলে সরকারের বিভিন্ন ভুল-ত্রুটি সাধারণ মানুষের সামনে উঠে আসার সুযোগ কমে যায়। তাই গণতন্ত্রকে শক্তিশালী করতে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম।

পাশাপাশি সাংবাদিকদের উদ্যোগে রক্তদানের মতো মহৎ সামাজিক কর্মসূচি আয়োজনের জন্য তিনি আয়োজকদের প্রশংসা করেন। দীপক দত্ত জানান, দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগেও নিয়মিত স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আগামী ১২ আগস্ট একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানে প্রায় ২০০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন সংগঠনের মাধ্যমে মানুষকে রক্তদানে উৎসাহিত করে নিয়মিত রক্ত সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দীপক দত্ত স্বীকার করেন, বিভিন্ন সময়ে রক্তের সংকট দেখা দিলেও স্বেচ্ছা রক্তদানের মাধ্যমে সেই সংকট মোকাবিলার চেষ্টা অব্যাহত রয়েছে।

এদিনের কর্মসূচিতে নবম শ্রেণি থেকে কলেজ স্তর পর্যন্ত ছাত্রছাত্রীদের নিয়ে স্বেচ্ছা রক্তদান বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সংস্থার বার্ষিক স্মরণিকা ‘দক্ষিণী বার্তা’-র আনুষ্ঠানিক প্রকাশ। উপস্থিত অতিথিদের হাতে স্মরণিকাটির আত্মপ্রকাশ ঘটে। স্মরণিকায় সাব্রুম মহকুমার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং জনজীবনের নানা বিষয় তুলে ধরা হয়েছে।

এদিনের মেগা স্বেচ্ছা রক্তদান শিবিরে মোট ১৪ জন স্বেচ্ছায় রক্তদান করেন। সাংবাদিক সংগঠনের এই উদ্যোগকে ঘিরে বিভিন্ন মহলে প্রশংসা দেখা যায়। 

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top