নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকার তিনদিনের রাজ্য সফরে আজ আগরতলায় এসে পৌঁছেছেন। আগামীকাল তিনি উদয়পুরে গোমতী জিলা পরিষদের ‘সি সার্ভস’ কর্মসূচিতে অংশ নেবেন। উদয়পুরেই তিনি ওয়ান স্টপ সেন্টার পরিদর্শন করবেন, রাজর্ষি হলে বাল্যবিবাহ ও এর সামাজিক প্রভাব নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠানে অংশ নেবেন। এই অনুষ্ঠানে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিংকু রায় এবং বিধায়ক অভিষেক দেবরায় উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানের পর তিনি জেলা প্রশাসন ও পুলিশ আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে অংশ নেবেন। আজ ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সনের কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা।
মহিলা কমিশের চেয়ারপার্সন জানান, রাহাতকার ৩০ জুলাই সকালে আগরতলা কেন্দ্রীয় কারাগার পরিদর্শনের পর রাজ্যের ভারপ্রাপ্ত পুলিশ মহানির্দেশক ও উর্দ্ধতন পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। দুপুরে একটি বেসরকারি হোটেলে আয়োজিত স্টকিং প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি এবং ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের ওয়েবসাইট উদ্বোধনে উপস্থিত থাকবেন। সুকান্ত একাডেমিতে আয়োজিত কর্মক্ষেত্র যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক কর্মশালায়ও তিনি অংশ নেবেন। এদিনই তিনি রাজ্য ত্যাগ করবেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের ভাইস চেয়ারপার্সন মধুমিতা চৌধুরী, সদস্য সচিব পল্লবী রায় সহ মহিলা কমিশনের অন্যান্য সদস্যাগণ।



















