আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে মন্তব্য করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা।
শনিবার এক বার্তায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ভূমিকার প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, ধর্মেন্দ্র প্রধানের দূরদর্শী নেতৃত্ব ভারতের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক এবং আত্মনির্ভর ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে সহায়তা করেছে।
মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে ধর্মেন্দ্র প্রধানজি ভারতের শিক্ষা ব্যবস্থাকে একটি নতুন দিশা, স্পষ্ট লক্ষ্য এবং নতুন উদ্দেশ্য দিয়েছেন। তাঁর নেতৃত্বে দেশ শুধু নীতিগত পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং ভবিষ্যতের বৈশ্বিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও আত্মনির্ভর শিক্ষা কাঠামো গড়ে তুলছে।
জাতীয় শিক্ষা নীতি ২০২০-এর বাস্তবায়নের প্রসঙ্গ উল্লেখ করে ড. মানিক সাহা বলেন, ধর্মেন্দ্র প্রধান দেশের ঐতিহ্যবাহী জ্ঞানভাণ্ডারকে আধুনিক শিক্ষার সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তিনি বলেন, জাতীয় শিক্ষা নীতি ২০২০-এর সফল বাস্তবায়নের মাধ্যমে ভারতের প্রাচীন জ্ঞান পরম্পরার সঙ্গে আধুনিক শিক্ষার সমন্বয় ঘটেছে। একই সঙ্গে শিক্ষাকে দক্ষতা উন্নয়নের সঙ্গে যুক্ত করা হয়েছে, যার ফলে যুবসমাজ বিশ্ব প্রতিযোগিতার জন্য আরও প্রস্তুত হচ্ছে।
কেন্দ্রীয় মন্ত্রীর দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা বিষয়ক দপ্তরের দায়িত্ব পালনের কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আধুনিক অর্থনীতির চাহিদা অনুযায়ী ভারতের কর্মশক্তিকে প্রস্তুত করার ক্ষেত্রে ধর্মেন্দ্র প্রধান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
ড. সাহা আরও বলেন, তিনি একজন বিশ্বস্ত নেতা ও কৌশলবিদ, যাঁর জনকল্যাণ ও সুশাসনের প্রতি অবিচল প্রতিশ্রুতি লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মুখ্যমন্ত্রী তাঁর সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ এবং জনজীবনে আরও সাফল্য কামনা করেন।
























