News Flash

  • Home
  • প্রধান খবর
  • সংসদ চত্বরে বিরোধীদের বিক্ষোভ, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় বিরোধী শিবির
Image

সংসদ চত্বরে বিরোধীদের বিক্ষোভ, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় বিরোধী শিবির

নয়াদিল্লি, ২৩ জুলাই (আইএএনএস): নীট প্রশ্নফাঁস ও পরীক্ষায় অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার সংসদ ভবন চত্বরে মকর দ্বারের সামনে বিক্ষোভ দেখাল বিরোধী সাংসদরা। আন্দোলনে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, কংগ্রেসের সাধারণ সম্পাদক কে.সি. বেণুগোপাল, সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা-সহ একাধিক বিরোধী নেতা অংশ নেন। তাঁদের হাতে ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে লেখা ব্যানার।

একই সময়ে মকর দ্বারেই এনডিএ-র পক্ষ থেকেও পাল্টা বিক্ষোভ কর্মসূচি হয়। শাসক জোটের নেতারা অভিযোগ করেন, নীট প্রশ্নফাঁসের ঘটনাকে বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। সরকারের দাবি, পরীক্ষায় অনিয়মের বিষয় নিয়ে সংসদে আলোচনায় তারা আগেই সম্মতি দিয়েছে, কিন্তু বিরোধীরা আলোচনার পরিবর্তে সংসদের কার্যক্রম ব্যাহত করছে।

তবে বিরোধীরা নিজেদের অবস্থানে অনড় থেকে জানায়, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া তারা পিছিয়ে আসবে না। প্রশ্নফাঁস মামলায় ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক্স পোস্টেরও সমালোচনা করেন বিরোধী নেতারা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা বলেন, প্রধানমন্ত্রীর মন্তব্য ছাত্রদের মূল দাবির কোনও উত্তর দেয়নি।

তিনি বলেন, “এটা যেন এমন, যেখানে একটি শিশু বলছে—’বাবা, আমি ডিজাইনার হতে চাই’, আর বাবা উত্তর দিচ্ছেন—’চিন্তা করো না, তোমার ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি আমি করিয়ে দিয়েছি।’ ছাত্ররা এক কথা বলছে, আর সরকার অন্য কথা বলছে। নেতৃত্ব দেখানোর সময় এখন। ছাত্রদের কথা শুনুন। তাদের দাবি একটাই—ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে।”

তিনি আরও বলেন, “বিশ্বাস একবার ভেঙে গেলে তা ফিরিয়ে আনতে হলে ব্যবস্থার বাইরে এসে কিছু দৃশ্যমান পদক্ষেপ নিতে হয়। প্রথম পদক্ষেপ হওয়া উচিত শিক্ষামন্ত্রীর পদত্যাগ। ছাত্রদের মারধর করা হল, আর পরদিন সকালে টুইট করে বলা হল যে সরকার ছাত্রদের নিয়ে উদ্বিগ্ন। যদি সত্যিই উদ্বিগ্ন হন, তাহলে ছাত্রদের উপর লাঠিচার্জ হল কেন?”

কংগ্রেস সাংসদ কে.সি. বেণুগোপালও প্রধানমন্ত্রীর পোস্টের সমালোচনা করে বলেন, “এগুলো শুধু ফাঁকা দাবি। এখন আর কেউ প্রধানমন্ত্রীর কথায় বিশ্বাস করে না। সরকারের কোনও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। প্রথমে ধর্মেন্দ্র প্রধানকে শিক্ষামন্ত্রীর পদ থেকে সরাতে হবে, তারপর ছাত্রদের সঙ্গে কথা বলতে হবে।”

কংগ্রেস সাংসদ হিবি ইডেন বলেন, গত এক দশকেরও বেশি সময়ে শতাধিক প্রশ্নফাঁসের ঘটনা সামনে এসেছে। “আমি ২০২৪ সালের ২২ জুলাই সংসদে এই বিষয়টি তুলেছিলাম। তখনও ৭০টির বেশি প্রশ্নফাঁসের ঘটনা ঘটেছিল। এখনও পর্যন্ত কোনও তদন্ত হয়নি। তাই আমাদের স্পষ্ট দাবি, শিক্ষামন্ত্রীকে অপসারণ করতে হবে,” বলেন তিনি।

কংগ্রেস সাংসদ সেলজা কুমারীও বলেন, “এখনও পর্যন্ত শুধু একটি টুইট করা হয়েছে, কিন্তু কোনও বাস্তব পদক্ষেপ নেওয়া হয়নি। ভবিষ্যতে কী করা হবে, সেই ঘোষণা মানুষ আর শুনতে চায় না। মানুষ জানতে চায় সরকার এখন পর্যন্ত কী করেছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ হয়নি, লাঠিচার্জের জন্য কোনও দুঃখপ্রকাশও করা হয়নি, রাহুল গান্ধী যে প্রশ্ন তুলেছেন, তারও কোনও জবাব দেওয়া হয়নি।”

Releated Posts

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top