অভিজিৎ রায় চৌধুরী
নয়াদিল্লি, ১১ জুলাই: বিভিন্ন পরীক্ষায় প্রশ্নফাঁস ও পরীক্ষাব্যবস্থার ব্যর্থতার প্রতিবাদে যন্তর-মন্তরে চলমান আন্দোলনে শনিবার সংহতি জানাতে উপস্থিত হন বিশিষ্ট অভিনেতা প্রকাশ রাজ, কেরলের প্রাক্তন অর্থমন্ত্রী থমাস আইজ্যাক এবং ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।
ককরোচ জনতা পার্টির (সিজেপি) পক্ষ থেকে জানানো হয়েছে, তিন বিশিষ্ট ব্যক্তি আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলেন এবং দেশের পরীক্ষাব্যবস্থার ক্রমাগত অবনতি ও লক্ষাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য পরীক্ষাপদ্ধতির দাবি জানান এবং এ বিষয়ে কেন্দ্র সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।
এদিন তাঁরা শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুক-এর অনির্দিষ্টকালের অনশন কর্মসূচির প্রতিও সমর্থন জানান। পাশাপাশি আগামী ২০ জুলাই যন্তর-মন্তর থেকে সংসদ ভবন পর্যন্ত আয়োজিত শান্তিপূর্ণ পদযাত্রায় অংশগ্রহণের ঘোষণাও করেন। তাঁদের বক্তব্য, পরীক্ষায় বারবার অনিয়ম ও ব্যর্থতার শিকার হওয়া ছাত্র-ছাত্রীদের ন্যায়বিচার, শিক্ষাব্যবস্থায় জবাবদিহিতা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-এর পদত্যাগের দাবিতে এই আন্দোলনকে আরও শক্তিশালী করা হবে।
ককরোচ জনতা পার্টি প্রকাশ রাজ, ড. টমাস আইজ্যাক এবং জিতেন্দ্র চৌধুরীকে ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানিয়েছে। দলের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, বারবার পরীক্ষায় ব্যর্থতা ও প্রশ্নফাঁসের ঘটনায় দায় নির্ধারণ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। এদিন মঞ্চে ত্রিপুরা থেকে সিপিএম নেতা নরেশ জমাতিয়া এবং নেত্রী কৃষ্ণা রক্ষিত উপস্থিত ছিলেন।
























