কদমতলা, ৬ জুলাই: উত্তর ত্রিপুরা জেলা পুলিশ ও বিএসএফের ৯৭ নম্বর ব্যাটালিয়নের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। রবিবার কদমতলা থানাধীন ইছাইতুলগাঁও এলাকায় পরিচালিত এই অভিযানে প্রায় ৯,৭৫০টি ইয়াবা ট্যাবলেট এবং ৩ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করা হয়। পুলিশের দাবি, আন্তর্জাতিক কালোবাজারে উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার অবিনাশ রাইয়ের নির্দেশে এবং সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ ও বিএসএফের যৌথ দল কদমতলা থানার অন্তর্গত ইছাইতুলগাঁও গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় হাফিজ আলী এবং আব্দুল হাকিম নামে দুই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও শুকনো গাঁজা উদ্ধার করা হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধার হওয়া সমস্ত মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। পলাতক অভিযুক্তদের গ্রেফতারের জন্য তল্লাশি শুরু করেছে পুলিশ।
ঘটনায় হাফিজ আলী, আব্দুল হাকিম এবং মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে কদমতলা থানায় -এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।
























