বিশ্রামগঞ্জ, ৩০ জুন: বিশ্রামগঞ্জ বাজারের পরিচিত মিষ্টির দোকান ‘মাতৃভাণ্ডার’-এ স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় না থাকার অভিযোগে দোকান কর্তৃপক্ষকে সতর্ক করল মহকুমা প্রশাসন। মঙ্গলবার দুপুরে প্রশাসনের একটি দল দোকান পরিদর্শন করে দ্রুত স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দেয়। নির্দেশ অমান্য করা হলে দোকান বন্ধ করে দেওয়ারও সতর্কবার্তা দেওয়া হয়েছে।
পরিদর্শনে উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ দাস এবং গোবিন্দ দেববর্মা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মিষ্টির দোকানটি বিশ্রামগঞ্জ বিদ্যালয়ের একেবারে সংলগ্ন এলাকায় অবস্থিত। প্রতিদিন বিপুল সংখ্যক ছাত্রছাত্রী টিফিনের সময় ওই দোকানে খাবার কিনতে আসে। কিন্তু দোকানের বর্তমান পরিবেশ স্বাস্থ্যসম্মত নয় বলে পরিদর্শনে প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করা হয়েছে।
কর্তব্যরত আধিকারিকরা দোকানের মালিক অসিত দে-কে অবিলম্বে দোকানের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার নির্দেশ দেন। একই সঙ্গে তাঁরা স্পষ্টভাবে জানিয়ে দেন, নির্ধারিত সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে প্রশাসন প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এবং প্রয়োজনে দোকান বন্ধ করে দেওয়া হবে।
প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দাদের একাংশ। তাঁদের মতে, বিশেষ করে বিদ্যালয় সংলগ্ন খাদ্য বিক্রির দোকানগুলিতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলা অত্যন্ত জরুরি।



















