আগরতলা, ২৯ জুন: ত্রিপুরা সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আওতাধীন যুবরাজনগর বিধানসভা এলাকার পূর্ব তিলথৈস্থিত বেতাঙ্গি ক্রেশ সেন্টারের বেহাল অবস্থা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও এলাকাবাসী। শ্রমজীবী ও দিনমজুর পরিবারের শিশুদের নিরাপদ পরিচর্যার উদ্দেশ্যে গড়ে ওঠা এই কেন্দ্র বর্তমানে ভগ্নপ্রায় পরিকাঠামো ও ন্যূনতম সুযোগ-সুবিধার অভাবে শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে অভিযোগ।
স্থানীয়দের দাবি, কেন্দ্রটির ভবনের দেয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে, বিভিন্ন স্থানে প্লাস্টার খসে পড়ছে এবং টিনের ছাদে একাধিক ছিদ্র থাকায় সামান্য বৃষ্টিতেই ঘরের ভেতরে জল ঢুকে পড়ে। ছাদের কাঠের বিম ও সাপোর্ট কাঠামোও অত্যন্ত জীর্ণ অবস্থায় রয়েছে, যা যেকোনো সময় ভেঙে পড়ে দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে।
অভিযোগ অনুযায়ী, কেন্দ্রে পর্যাপ্ত বিছানা, রান্নাঘর, নিরাপদ পানীয় জল, উন্নত শৌচালয় এবং বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা নেই। ফলে গ্রীষ্মকালে প্রচণ্ড গরমে এবং বর্ষায় জল পড়ার কারণে শিশুদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া চারপাশে বাউন্ডারি না থাকায় এবং ঘন জঙ্গলে সাপসহ বিষাক্ত প্রাণীর উপদ্রব থাকায় নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে।
বর্তমানে এই কেন্দ্রে প্রতিদিন প্রায় ২৫ জন শিশু আসে। অথচ তাদের দেখভালের জন্য রয়েছেন মাত্র একজন ওয়ার্কার ও একজন হেল্পার। এত সংখ্যক শিশুর পরিচর্যা ও নিরাপত্তা নিশ্চিত করা দুই কর্মীর পক্ষে অত্যন্ত কঠিন বলে মনে করছেন অভিভাবকরা।
খাদ্য সরবরাহ নিয়েও গুরুতর অভিযোগ উঠেছে। সরকারি তালিকায় নির্ধারিত খাদ্যসামগ্রী শিশুদের কাছে নিয়মিত পৌঁছায় না বলে দাবি করেছেন অভিভাবকেরা। পাশাপাশি খেলাধুলার প্রয়োজনীয় সামগ্রীরও অভাব রয়েছে, যা শিশুদের স্বাভাবিক মানসিক ও শারীরিক বিকাশে বাধা সৃষ্টি করছে বলে তাঁদের অভিযোগ।
অভিভাবক ও এলাকাবাসীর দাবি, অবিলম্বে কেন্দ্রটির পূর্ণাঙ্গ পরিদর্শন করে ভবন সংস্কার, বিদ্যুৎ সংযোগ, নিরাপদ পানীয় জল, উন্নত রান্নাঘর ও শৌচালয়, বাউন্ডারি নির্মাণ, পর্যাপ্ত কর্মী নিয়োগ এবং সরকারি বরাদ্দ অনুযায়ী খাদ্য ও শিশুদের জন্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ নিশ্চিত করতে হবে। তাঁদের মতে, শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য হওয়া উচিত।
























