নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৬ জুন: উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেও নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া ৪২ বছর বয়সী অমরজিৎ পালের খোঁজে দ্বিতীয় দিনের তল্লাশি অভিযানেও সাফল্য মেলেনি। শুক্রবার মহকুমা প্রশাসনের উদ্ধারকারী দল এবং পরে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) দিনভর তল্লাশি চালালেও শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি।
জানা গেছে, বৃহস্পতিবার অমরজিৎ পাল আরও তিনজনের সঙ্গে দেও নদীতে মাছ ধরতে যান। সন্ধ্যা ঘনিয়ে এলে তাঁদের মধ্যে দু’জন ঝুলন্ত সেতু দিয়ে নদী পার হয়ে বাড়ি ফিরে যান। তবে অমরজিৎ পাল এবং তাঁর এক সঙ্গী সাঁতরে নদী পার হওয়ার চেষ্টা করেন।
অভিযোগ, নদীতে প্রবল স্রোতের কারণে অমরজিৎ পালের সঙ্গে থাকা ব্যক্তি কোনোমতে তীরে উঠতে সক্ষম হলেও অমরজিৎ নদীর জলে তলিয়ে যান। পরে তিনি চিৎকার করে স্থানীয়দের খবর দিলে এলাকাবাসী উদ্ধারকাজে নেমে পড়েন।
খবর পেয়ে মহকুমা প্রশাসনের দুর্যোগ মোকাবিলা দল, টিএসআর এবং দমকল বাহিনীর কর্মীরা বৃহস্পতিবার রাত পর্যন্ত তল্লাশি চালালেও কোনো সাফল্য মেলেনি। শুক্রবার সকাল থেকে ফের অভিযান শুরু হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এনডিআরএফ-এর একটি বিশেষ দলকে উদ্ধার অভিযানে নামানো হয়।
মহকুমা প্রশাসন জানিয়েছে, এনডিআরএফ জওয়ানরা দেও নদীর বিভিন্ন অংশে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালালেও শেষ খবর পাওয়া পর্যন্ত অমরজিৎ পালের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তির খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। ঘটনায় অমরজিৎ পালের পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। তাঁরা দ্রুত নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়ার আশায় প্রহর গুনছেন।

















