কৈলাসহর, ২১ জুন : পরিবারের উদ্যোগে জোরপূর্বক বিয়ের আয়োজন করা হচ্ছিল। কিন্তু সাহস ও সচেতনতার পরিচয় দিয়ে শেষ পর্যন্ত নিজের বাল্যবিবাহ নিজেই রুখে দিল ঊনকোটি জেলার ফটিকরায় এলাকার এক নাবালিকা। ১০৯৮ চাইল্ড হেল্পলাইন নম্বরে ফোন করে সাহায্য চেয়ে সে যোগাযোগ করে কৈলাসহরের চাইল্ড লাইনের সঙ্গে।
জানা গেছে, নাবালিকার পরিবার তার বিয়ের প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি বুঝতে পেরে সুযোগমতো ১০৯৮ নম্বরে ফোন করে সাহায্য প্রার্থনা করে ওই কিশোরী। শনিবার সন্ধ্যায় অভিযোগ পাওয়ার পর রবিবার সকালে নাবালিকার বাড়িতে পৌঁছে যায় ঊনকোটি জেলার চাইল্ড লাইনের কর্মীরা।
চাইল্ড লাইনের কর্মীরা নাবালিকার বাবার সঙ্গে কথা বলে বিয়ের বিষয়ে জানতে চাইলে তিনি প্রথমে অভিযোগ অস্বীকার করেন। তবে পরবর্তীতে নাবালিকার স্কুল ব্যাগ তল্লাশি করে বিয়ের বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয় বলে জানা গেছে। এরপর পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে নাবালিকাকে সুরক্ষার স্বার্থে কৈলাসহরের ওয়ান স্টপ সেন্টারে নিয়ে যাওয়া হয়।
চাইল্ড লাইন কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি নিয়ে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি (সিডব্লিউসি)-তে আলোচনা করা হবে। পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী নাবালিকার নিরাপত্তা ও ভবিষ্যতের স্বার্থে তাকে একটি সুরক্ষিত হোমে রাখার ব্যবস্থা করা হতে পারে।
নাবালিকার এই সাহসী পদক্ষেপ বাল্যবিবাহ রোধে সচেতনতা ও আত্মবিশ্বাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। শিশু অধিকার কর্মীদের মতে, বিপদের মুহূর্তে ১০৯৮ হেল্পলাইনের ব্যবহার আরও অনেক শিশুকে এমন পরিস্থিতি থেকে রক্ষা করতে পারে।



















