আগরতলা, ১৮ জুন: বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গুটিয়া গ্রামের দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকায় নতুন রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পিডব্লিউডি-র অনুমোদিত ওয়ার্ক অর্ডার অনুযায়ী রাস্তা নির্মাণ না করে শাসকদল ঘনিষ্ঠ কয়েকজন স্থানীয় নেতার সুবিধার্থে রাস্তার গতিপথ পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে।
অভিযোগ অনুযায়ী, আকালী মণ্ডলের বাড়ির সামনে থেকে অচলমনি বিশ্বাসের বাড়ি পর্যন্ত একটি নতুন রাস্তা নির্মাণের জন্য ওয়ার্ক অর্ডার জারি করা হয়। কিন্তু নির্ধারিত পরিকল্পনা অনুসারে রাস্তা নির্মাণ না করে কয়েকজন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি নিজেদের বাড়ি ও জমির সুবিধার কথা মাথায় রেখে রাস্তার মোড় ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যেই ওই বিকল্প পথে মাটি ফেলার কাজও শুরু হয়েছে বলে দাবি স্থানীয়দের।
বিষয়টি জানাজানি হতেই এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা এর প্রতিবাদ জানিয়ে ওয়ার্ক অর্ডার অনুযায়ী রাস্তা নির্মাণের দাবি তোলেন। মঙ্গলবার স্থানীয়দের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এলাকার বিধায়ক। তিনি রাস্তার নির্ধারিত নকশা ও ওয়ার্ক অর্ডার অনুসারে কাজ সম্পন্ন করার দাবি জানান।
এলাকাবাসীর অভিযোগ, জনস্বার্থের পরিবর্তে ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দিয়ে রাস্তার গতিপথ পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে, যা কোনওভাবেই মেনে নেওয়া হবে না। তারা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বা সংশ্লিষ্ট দপ্তরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।























