নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এর টার্মিনাল-১-এ সোনা পাচারের একটি বড় চেষ্টা ভেস্তে দিল কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ)। বুধবার কলকাতাগামী এক যাত্রীর কাছ থেকে ১.২১০ কেজি সোনা এবং ১ লক্ষ ৯৭ হাজার ২০০ টাকা অঘোষিত নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
সিআইএসএফ সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তা পরীক্ষার সময় ওই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় কর্তব্যরত জওয়ানরা তাকে আটক করে তল্লাশি চালান। বিস্তারিত দেহতল্লাশিতে তার পোশাকের মধ্যে লুকিয়ে রাখা ১.২১০ কেজি সোনা এবং বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়।
জিজ্ঞাসাবাদের সময় উদ্ধার হওয়া সোনা ও নগদ অর্থের বৈধ নথি দেখাতে ব্যর্থ হন ওই যাত্রী। পাশাপাশি এ বিষয়ে সন্তোষজনক কোনও ব্যাখ্যাও দিতে পারেননি তিনি।
সিআইএসএফের দাবি, তদন্ত চলাকালীন ওই ব্যক্তি কর্তব্যরত নিরাপত্তা কর্মীদের প্রভাবিত করে আইনি পদক্ষেপ এড়ানোর চেষ্টা করেন। তবে সিআইএসএফ সদস্যরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।
পরবর্তীতে অভিযুক্ত যাত্রী, উদ্ধার হওয়া সোনা এবং নগদ অর্থকে আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনায় পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
সিআইএসএফ জানিয়েছে, এই অভিযান বিমানবন্দরের নিরাপত্তা রক্ষায় বাহিনীর সতর্কতা, পেশাদারিত্ব এবং সততারই প্রমাণ। ‘নিরাপদ বিমানবন্দর, সুরক্ষিত দেশ’— এই লক্ষ্যেই তারা কাজ করে চলেছে।
উল্লেখ্য, এর আগেও ৪ জুন মুম্বই বিমানবন্দরে এক বিদেশি নাগরিককে আটক করে তার কাছ থেকে প্রায় ১.৩৯ কোটি টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করেছিল সিআইএসএফ।
সিআইএসএফ সূত্রে জানা যায়, ওই ব্যক্তি মুম্বই থেকে আদ্দিস আবাবা-গামী বিমানে উঠতে যাচ্ছিলেন। এক্স-রে ব্যাগেজ স্ক্রিনিংয়ের সময় তার লাগেজে সন্দেহজনক বস্তু নজরে আসে। এরপর বিস্তারিত তল্লাশিতে তার ব্যাগ থেকে ১,৪৫,০০০ মার্কিন ডলার (প্রায় ১.৩৯ কোটি টাকা) মূল্যের অঘোষিত বিদেশি মুদ্রা উদ্ধার হয়।
পরে ওই বিদেশি নাগরিককে আটক করে বিমানবন্দরের শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়।



















