নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন: রাজধানীর কুঞ্জবন এলাকায় রবিবার এক পথ দুর্ঘটনায় চারজন যাত্রী আহত হন। জিবি হাসপাতাল সংলগ্ন কুঞ্জবন ফায়ার স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে এক মহিলার অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, একটি বোলেরো গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। সেই সময় যাত্রীবোঝাই একটি ই-রিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটির পেছনে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে ই-রিক্সা থাকা চারজন যাত্রী আহত হন।
আহতদের মধ্যে সুশীল দাস, জনসন দেববর্মা এবং রাজীব বর্মনের নাম জানা গেছে। আহতদের উদ্ধার করে দ্রুত জিবি হাসপাতালে নিয়ে যান দমকল কর্মীরা। বর্তমানে সকলেই চিকিৎসাধীন রয়েছেন।
ই-রিক্সা চালক জানান, রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি গাড়ি তাকে ওভারটেক করলে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বোলেরো গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনায় চালক নিজেও আহত হয়েছেন। ঘটনায় ক্ষতিগ্রস্ত ই-রিক্সার নম্বর টিআর -০১-এম- ২১৪৪ এবং বোলেরো গাড়ির নম্বর টিআর -০১ – সিএফ- ০৭৬৭ বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। এলাকাবাসীর মতে, শহরের ব্যস্ত সড়কগুলিতে যানবাহন দাঁড় করিয়ে রাখা এবং অসতর্কতার কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। তাই সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক নিয়ম মেনে চলা এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন তারা। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
























