News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মহারাজগঞ্জ বাজারে সরকারি জমি বিক্রির অভিযোগ, বাজার কমিটির দুই সম্পাদকের বিরুদ্ধে ক্ষোভ
Image

মহারাজগঞ্জ বাজারে সরকারি জমি বিক্রির অভিযোগ, বাজার কমিটির দুই সম্পাদকের বিরুদ্ধে ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন: মহারাজগঞ্জ বাজারে সরকারি জমি অবৈধভাবে বিক্রি করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাজার কমিটির কয়েকজন পদাধিকারীর বিরুদ্ধে সরকারি জায়গা ব্যক্তিগতভাবে বিক্রির অভিযোগ তুলেছেন বাজারের কেন্দ্রীয় কমিটির সদস্যরা।

অভিযোগ অনুযায়ী, মহারাজগঞ্জ বাজারের সুলভ শৌচাগারের পেছনে অবস্থিত একটি খালি জায়গায় একসময় আগরতলা পুর নিগমের উদ্যোগে এলাকার কিছু ব্যবসায়ীকে অস্থায়ীভাবে বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। পরে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা নিজ নিজ এলাকায় ফিরে গেলে জায়গাটি দীর্ঘদিন ধরে খালি পড়ে ছিল।

অভিযোগ উঠেছে, মহারাজগঞ্জ বাজার সবজি খুচরা ব্যবসায়ী সমিতির সম্পাদক নকুল দেবনাথ, পাইকারি ব্যবসায়ী কমিটির সম্পাদক বিকাশ সাহা এবং খান্না মার্কেটের সহ-সভাপতি হরিহর দেবনাথ ওই খালি জায়গা নিজেদের উদ্যোগে দুই ব্যক্তির কাছে বিক্রি করে দেন।

স্থানীয় সূত্রের দাবি, ওই জায়গায় নির্মিত দুটি ঘর প্রায় ২০ লক্ষ টাকার বিনিময়ে বাজারের ব্যবসায়ী উত্তম কর্মকারের কাছে বিক্রি করা হয়। পাশাপাশি আরও একটি দোকানঘর ১২ লক্ষ টাকার বিনিময়ে এক ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে অভিযোগ।

রবিবার সেখানে স্থায়ী দালান নির্মাণের কাজ শুরু হলে বিষয়টি বাজারের কেন্দ্রীয় কমিটির নজরে আসে। এরপর কেন্দ্রীয় কমিটির সদস্যরা নির্মাণকাজে বাধা দেন এবং ঘটনাস্থলে সাংবাদিকদের ডেকে আনেন। তাদের প্রশ্ন, সরকারি জমি কীভাবে ব্যক্তিগতভাবে বিক্রি করা হলো এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা কোন ভিত্তিতে জমির মালিকানা সংক্রান্ত নথিপত্র দেখাচ্ছেন।

এদিকে, শুধু মহারাজগঞ্জ বাজারই নয়, দুর্গা চৌমুহনী বাজারের অস্থায়ী কমিটির বিরুদ্ধেও সরকারি জায়গা দখল ও স্থায়ী কাঠামো নির্মাণের অভিযোগ রয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারীরা। বিশেষ করে দুর্গা চৌমুহনী মাছ বাজার সংলগ্ন এলাকায় একাধিক সরকারি জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।

ঘটনাকে কেন্দ্র করে বাজার ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আগরতলা পুর নিগম ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন বাজারের কেন্দ্রীয় কমিটির সদস্যরা। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top