আগরতলা, ২৬ মে: টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে কমলপুর শিববাড়ি পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ অংশ। নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থার কারণে জমে থাকা বৃষ্টির জল এবার বাড়িঘরে ঢুকতে শুরু করেছে। ফলে চরম দুর্ভোগের মুখে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। এই অসহনীয় পরিস্থিতির প্রতিবাদ জানিয়ে আজ পথ অবরোধে সামিল হন স্থানীয় বাসিন্দারা।
এদিন সকাল থেকে কমলপুর-আমবাসা সড়কের দুরাইছড়া স্কুলের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। অবরোধের ফলে কিছু সময়ের জন্য যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয় এবং রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই এলাকায় জল জমে যায়। দীর্ঘদিন ধরে সঠিক নিকাশি ব্যবস্থার অভাবে সেই জল বের হতে না পেরে বাড়িঘরে প্রবেশ করছে। ফলে ঘরের আসবাবপত্র, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নষ্ট হওয়ার পাশাপাশি চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে শিশু ও বয়স্কদেরও। বহুবার প্রশাসন এবং জনপ্রতিনিধিদের বিষয়টি জানানো হলেও কোনও স্থায়ী সমাধান করা হয়নি বলেও অভিযোগ তুলেছেন তারা।
বিক্ষোভকারীরা দাবি জানান, অবিলম্বে এলাকায় স্থায়ী নিকাশি ব্যবস্থার উন্নতি করতে হবে এবং জল নিষ্কাশনের জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্থানীয়দের আরও অভিযোগ, বর্ষা এলেই প্রতি বছর একই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাদের, কিন্তু প্রশাসনের তরফে শুধুমাত্র আশ্বাস ছাড়া বাস্তবে কোনও কাজ হয় না।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীদের সঙ্গে কথা বলা হয় এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়। পরে সেই আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। তবে সমস্যার স্থায়ী সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী।



















