News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অমৃত সরোবর প্রকল্পের পুকুর থেকে প্রায় চার কুইন্টাল মাছ চুরি, তদন্তে পুলিশ
Image

অমৃত সরোবর প্রকল্পের পুকুর থেকে প্রায় চার কুইন্টাল মাছ চুরি, তদন্তে পুলিশ

আগরতলা, ১০ মার্চ:
ত্রিপুরার উত্তর জেলার কদমতলা ব্লকাধীন সরলা গ্রাম পঞ্চায়েত এলাকায় কেন্দ্রীয় সরকারের অমৃত সরোবর প্রকল্পের আওতাধীন একটি পুকুর থেকে বিপুল পরিমাণ মাছ চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, কয়েক লক্ষ টাকার সরকারি সম্পত্তি দুষ্কৃতিকারীদের একটি দল চুরি করে নিয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে কদমতলা ব্লকের সরলা গ্রাম পঞ্চায়েতের ৭ নম্বর ওয়ার্ড এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ মার্চ সকালে একদল দুষ্কৃতিকারী পরিকল্পিতভাবে অমৃত সরোবর প্রকল্পের ওই পুকুরে ঢুকে পড়ে। সেখান থেকে প্রায় চার কুইন্টাল বিভিন্ন প্রজাতির মাছ তুলে নিয়ে যায় এবং পরে সেগুলি বাজারে বিক্রি করে দেয় বলে অভিযোগ উঠেছে।

ঘটনার খবর পেয়ে সরলা গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা দাস এবং পঞ্চায়েত সচিব আব্দুল বাকির ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন। পরে বিষয়টি নিয়ে ৯ মার্চ বিকেলে কদমতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগের ভিত্তিতে কদমতলা থানার সাব-ইন্সপেক্টর জগদানন্দ গোস্বামী পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেন।

পঞ্চায়েত সচিব আব্দুল বাকির জানান, এই ঘটনায় জয় শঙ্কর তাতি নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং তার নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে কদমতলা থানার পুলিশ।

এদিকে সরলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিদ্যাধর কুর্মি অভিযোগ করেন, ৭ নম্বর ওয়ার্ডের দুই জনপ্রতিনিধি ঘটনাটি জানার পরও পঞ্চায়েত বা ব্লক প্রশাসনের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেননি। এতে তাদের ভূমিকা নিয়েও এলাকায় সন্দেহ তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন।

অন্যদিকে, এ বিষয়ে পঞ্চায়েত প্রধান নমিতা দাসের কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য না করেই ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনার পর থেকেই এলাকাজুড়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের একাংশের দাবি, এই মাছ চুরির ঘটনায় কিছু প্রভাবশালী ব্যক্তির যোগ থাকতে পারে। তারা দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে সরকারি সম্পত্তি নিয়ে এ ধরনের অনিয়ম আর না ঘটে।

এখন দেখার বিষয়, কদমতলা থানার পুলিশের তদন্তে এই মাছ চুরির ঘটনার প্রকৃত সত্য সামনে আসে কি না এবং অভিযুক্তদের বিরুদ্ধে কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হয়।

Releated Posts

ত্রিপুরায় বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর অবস্থান, কোনো ছাড় নয়: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ চুরি করা ব্যক্তি বা আইনভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ কোনোভাবেই…

ByByReshmi Debnath Jun 9, 2026

গ্রামোন্নয়নে কেন্দ্রের বিশেষ নজর, ত্রিপুরার জন্য ১,০৪১ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: গ্রামীণ কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং জীবিকা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র সরকারের ঘোষিত নতুন ‘বিকশিত…

ByByReshmi Debnath Jun 9, 2026

টিএমসির অন্দরে অশান্তির আবহে সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠকে মমতা

নয়াদিল্লি, ৯ জুন : দেশের বিরোধী রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এক ঘটনায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সংসদীয়…

ByByReshmi Debnath Jun 9, 2026

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল ১১ কেভি টাওয়ারের গার্ড ওয়াল, অল্পেতে রক্ষা গোটা পরিবার

আগরতলা, ৯ জুন : উত্তর ত্রিপুরা জেলার পূর্ব চুড়াইবাড়ি গ্রামের একটি পরিবার মঙ্গলবার সকালে বড় ধরনের দুর্ঘটনার হাত…

ByByTaniya Chakraborty Jun 9, 2026
Scroll to Top