কোচবিহার, ৪ এপ্রিল (হি.স.): দেশকে বিশ্বের তৃতীয় বৃহত্তম আর্থিক শক্তি হিসাবে গড়ে তুলতে হবে। তার জন্য কেন্দ্রে শক্তিশালী সরকার প্রয়োজন। বৃহস্পতিবার কোচবিহারের নির্বাচনী জনসভায় এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, দুর্বল সরকারে কাজ হবে না। শক্তিশালী সরকার দেয় একমাত্র মোদী। মোদী ভারতের জনগণের সামান্য সেবক। ১৪০ কোটি জনগণের স্বপ্ন পূরণ করতে হবে মোদীকে। তাই ‘মোদী কা গ্যারান্টি’-র উপর ভরসা রাখুন।
লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর বৃহস্পতিবার প্রথম পশ্চিমবঙ্গে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোচবিহারের বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সমর্থনে জনসভা করেছেন তিনি। তাঁর সভা উপলক্ষে কোচবিহারের রাসমেলা ময়দানে জনসমাগম হয়েছে বিপুল। কোচবিহারের মঞ্চে মোদীকে দোতারা উপহার দেওয়া হয়। মঞ্চে সেই বাদ্যযন্ত্র হাতে নিয়ে তিনি বাজিয়েওছেন।
ভাষণের শুরুতে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানান মোদী। বলেন, ‘‘আগের বার আমি এখানে যখন সভা করতে এসেছিলেন, মাঠের মাঝে মঞ্চ বানিয়ে উনি ময়দান ছোট করে দিয়েছিলেন। এ বার তেমন কিছু করেননি।’’ প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “একবিংশ শতাব্দীর এই সময়টা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটাই সময় বিকশিত ভারত গড়ার। যখন ভারত উন্নত হবে, তখন বাংলাই হবে তার সবচেয়ে বেশি সুবিধাভোগী।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “১০ বছরে ২৫ কোটি মানুষকে দারিদ্র্য থেকে বার করেছে বিজেপি সরকার। আমাদের উদ্দেশ্য সফল হয়েছে কারণ আমাদের উদ্দেশ্য সৎ। তাই আমরা দেশের উন্নতি করতে পেরেছি। যেখানে বাকি সকলের আশা শেষ হয়, সেখান থেকে ‘মোদী কি গ্যারান্টি’ শুরু হয়।’’



















