জামুই, ৪ এপ্রিল (হি.স.): এবারের লোকসভা নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ২০২৪-এর ভোট বিহার ও ভারতের ভবিষ্যতের জন্য অত্যন্ত নির্ধারক। প্রধানমন্ত্রীর কথায়, এই নির্বাচন বিকশিত বিহারের স্বপ্ন পূরণের নির্বাচন। এই নির্বাচন একটি বিকশিত ভারতের সংকল্পকে শক্তিশালী করার নির্বাচন। বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বিহারের জামুইয়ে এক নির্বাচনী জনসভা করেন। এই জনসভায় তিনি বলেছেন, “একদিকে এনডিএ সরকার রয়েছে, যারা নতুন শিল্প স্থাপনের কথা বলে। অপরদিকে রয়েছে সেই সমস্ত মানুষ, যাঁদের পরিচয় অপহরণ শিল্পের সঙ্গে। একদিকে এনডিএ সরকার, যারা সৌরবিদ্যুৎ এবং এলইডি লাইটের কথা বলে। অন্যদিকে, এই অহঙ্কারী জোটের লোকজন, যারা বিহারকে লণ্ঠন যুগে রাখতে চায়।”
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “কংগ্রেস-আরজেডি বিহার ও বিহারীদের অহঙ্কারকে অপমান করেছে। কংগ্রেস এবং আরজেডিই কর্পুরী ঠাকুরকে অপমান করেছিল। সম্প্রতি আমাদের সরকার বিহারের গৌরব কর্পুরী ঠাকুরকে ভারতরত্ন দিয়েছে, তখনও এই লোকজন এর বিরোধিতা করেছিল।”



















