বাজারিছড়া (অসম), ১২ ডিসেম্বর (হি.স.) : পাচারের পথে রায়ান ট্র্যাভলস নামের একটি নাইটসুপারে তালাশি চালিয়ে বিপুল পরিমাণের বার্মিজ সিগারেট সহ অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত করেছে করিমগঞ্জ জেলাধীন বাজারিছড়া থানার পুলিশ।
বাজারিছড়া থানার ওসি চিরঞ্জিৎকুমার বরা জানান, রবিবার সন্ধ্যারাতে থানার সামনে নাকা চেকিং চলছিল। সে সময় গুয়াহাটিগামী রায়ান ট্র্যাভলসের একটি বাস নাকা পয়েন্টে পৌঁছলে কর্তব্যরত পুলিশ কর্মীরা তাতে তল্লাশি চালান। তালাশিতে বাসের ডিকিতে বেশ কয়েকটি বস্তা দেখে সেগুলো খুলে ২০৮ প্যাকেট মিকো পাউডার, ১২০ বোতল ঠাণ্ডা পানীয়, ১৮ প্যাকেট বার্মিজ বিস্কুট, ২৪০ প্যাকেট ক্লাসিক সিগারেট উদ্ধার করেন। বাজেয়াপ্ত সামগ্রীগুলোর আনুমানিক বাজার মূল্য কমপক্ষে দু-লক্ষ টাকা হবে বলে জানান ওসি। তবে অবৈধ সামগ্রীগুলির সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। তিনি জানান, সামগ্রীগুলোর কোনও বৈধ নথিপত্র দেখাতে পারেনি গাড়ির চালক।
এদিকে এক সূত্রের খবর, সামগ্রীগুলো রাঙামাটি থেকে মেঘালয়ের লাড্রিমবাইয়ে নিয়ে যাওয়ার জন্য গুয়াহাটিগামী সুপার বাসে ইচাবিল চা বাগানের পুটিয়াখাল এলাকা থেকে কোনও এক ব্যক্তি তুলে দিয়েছিল। এগুলির মালিক এলাকার পুরনো বার্মিজ সিগারেট কারবারি জনৈক এবি নামের ব্যক্তি, দাবি সুূত্রের।



















