আমবাসা(ত্রিপুরা), ৭ জুলাই (হি. স.) : কর্মরত এক সিআরপিএফ জওয়ানের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। তাঁর নাম কমল দাস(২৬)। তিনি অসমের বাসিন্দা। বৃহস্পতিবার সিআরপিএফ ১৪০ নং ব্যাটেলিয়ানের জিমখানায় তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সিআরপিএফ ১৪০ নং ব্যাটালিয়নের জওয়ানরা দেখতে পান তাঁদের সহকর্মী কমল দাস ক্যাম্পের জিমখানায় ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়েছে আমবাসা থানায়। আমবাসা থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে নিয়ে গেছে ধলাই জেলা হাসপাতালে। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেছেন। ময়না তদন্তের পরেই মৃতদেহ ব্যাটালিয়নের হাতে তুলে দেওয়া হয়েছে।সিআরপিএফ সুত্রে খবর, মৃতদেহ নিয়ে যাওয়া হবে অসমে তাঁর বাড়িতে। তবে মৃত্যুর কারন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।



















