ভিরুধুনগর, ১ জানুয়ারি (হি.স.): তামিলনাড়ুর ভিরুধুনগর জেলায় আতশবাজির ফ্যাক্টরিতে বিস্ফোরণে প্রাণ হারালেন ৪ জন কর্মী। শনিবার সকালে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে ভিরুধুনগর জেলার নাথামপট্টির কাছে কালাথুর গ্রামে। ৩৮ বছর বয়সী সি ভাজহিভিড়ু মুরুগান ওই ফ্যাক্টরির মালিক। ওই ফ্যাক্টরিতে মোট ১০টি রুম রয়েছে। সকাল ৮.৩০ মিনিট নাগাদ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা।
স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শোনা মাত্রই পুলিশে খবর দেন, খবর পেয়ে চলে আসে পুলিশও। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ে বাজি কারখানাটি। মৃত্যু হয় এস কুমার (৩৮), পি পেরিয়াসামি (৬৫), এস ভীরাকুমার (৪০) এবং পি মুরুগেসন (৩৮) নামে ৪ কর্মীর। বিস্ফোরণে আহত হয়েছেন ৭ জন, তাঁদের মধ্যে একটি ৮ বছরের শিশু রয়েছে। প্রত্যেককে সিভাকাশির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।



















