News Flash

  • Home
  • Uncategorized
  • চেন্নাই ফেরত রাজ্যের চারজন করোনা সংক্রমিত
Image

চেন্নাই ফেরত রাজ্যের চারজন করোনা সংক্রমিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ চেন্নাই ফেরত চারজনের দেহে করোনা সংক্রমণ মিলেছে৷ তাদের আগামীকাল আগরতলায় আনা হবে৷ সবমিলিয়ে রাজ্যে ১৭৩ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ বহির্রাজ্য ফেরত ত্রিপুরার নাগরিকদের দেহে করোনা সংক্রমনের ঘটনায় রাজ্য প্রশাসনের চিন্তা বাড়িয়েছে৷
আজ রাতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক ট্যুইট বার্তায় বলেন, ৮৫০টি নমুনা পরীক্ষায় চারজনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ তারা সকলেই চেন্নাই থেকে ফিরেছেন৷ স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর ওই চারজনের মধ্যে দুইজন সিপাহীজলা জেলার, একজন ঊনকোটি এবং একজন ধলাই জেলার বাসিন্দা৷ স্বাস্থ্য দপ্তরের আধিকারীকের কথায় ওই চারজন করোনা আক্রান্তের পরিবারের সদস্যদের বাড়িতেই একান্তবাসে রাখা হবে৷ আগরতলায় ফেরত আসার পাঁচদিন পর তাদের পরিবারের সদস্যদের নমুনা পরীক্ষা করা হবে৷


প্রসঙ্গত, রাজ্যে নতুন করে করোনা আক্রান্তের ঘটনা যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করা হচ্ছে৷ কারণ, চারজন করোনা আক্রান্তই সাধারণ নাগরিক৷ তাদের সংস্পর্শে যারা রয়েছেন তাদের চিহ্ণিত করতে হবে৷ আগরতলা রেলস্টেশনে নেমে তারা বেসরকারী গাড়িতে কিংবা নিজস্ব গাড়ি করে বাড়ি ফিরেছেন৷ ফলে, তাদের সংস্পর্শে আসা সকলকেই খঁুজে বের করে একান্তবাসে পাঠাবে স্বাস্থ্য দপ্তর৷


এদিকে, ত্রিপুরায় আরও ২৭ জন করোনা-আক্রান্ত সুস্থ হয়েছেন৷ তাঁদের কোভিড কেয়ার সেন্টার থেকে ছুটি দেওয়া হয়েছে৷ তাঁরা প্রত্যেকেই বিএসএফ জওয়ান৷ এখন তাঁদেরকে বিএসএফ প্রাতিষ্ঠানিক একান্তবাসে রাখার বন্দোবস্ত করা হয়েছে৷ বর্তমানে ৫১ জন করোনা আক্রান্তের চিকিৎসা চলছে৷
করোনা মোকাবিলায় নয়া চিকিৎসা নীতি মেনে আজ মঙ্গলবার ২৭ জন করোনা- আক্রান্তকে ছুটি দেওয়া হয়েছে৷ তাঁরা ভগৎ সিং যুব আবাসে কোভিড কেয়ার সেন্টারে চিকিৎসাধীন ছিলেন৷ নয়া চিকিৎসা নীতি অনুযায়ী করোনা আক্রান্তের ১০ দিন চিকিৎসাধীন থাকার পর ছুটি দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে৷ তবে জটিল রোগীদের ক্ষেত্রে ব্যতিক্রম৷ ভগৎ সিং যুব আবাসে চিকিৎসাধীন করোনা-আক্রান্ত বিএসএফ জওয়ানরা মোটামুটি সুস্থই ছিলেন৷ তাঁদের করোনা-র কোনও লক্ষণ ছিল না৷ ফলে, আজ ২৭ জনকে ছুটি দেওয়া হয়েছে৷

বর্তমানে ৫১ জন করোনা আক্রান্তের চিকিৎসা চলছে৷ তাঁদের মধ্যে ৫ জন জিবি হাসপাতালে এবং বাকি ৪৬ জন ভগৎ সিং যুব আবাসে চিকিৎসাধীন৷
ত্রিপুরায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সুুস্থ হওয়ার হার দেশের অন্যান্য রাজ্যের তুলনায় সর্বোচ্চ৷ বর্তমানে এই হার ৬৮.৬৩ শতাংশ৷ আজ মহাকরণের প্রেস কনফারেন্স হলে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ ত্রিপুরায় কোভিড-১৯ সংক্রমণজনিত সর্বশেষ তথ্য তুলে ধরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন৷
তিনি জানান, রাজ্যে বর্তমানে ফেসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছেন ২৫৩ জন৷ হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৪,৩৪৮ জন৷ আজ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬,২৬৯ জনের৷ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫,০৮৩ জনের৷ এদের মধ্যে রিপোর্ট পজিটিভ এসেছে ১৬৯ জনের৷ আজ মোট ১,১৮৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ এরমধ্যে ৭০০টি নমুনা পরীক্ষাধীন৷ এছাড়াও ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের অধীনে হাপানিয়াস্থিত প্রদর্শনী কেন্দ্রকে করোনা সেন্টার করার জন্য ১ হাজার শয্যার ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ শিক্ষামন্ত্রী জানান, আজ চুড়াইবাড়ি দিয়ে ৩৯৫ জন রাজ্যে প্রবেশ করেছেন৷ এরমধ্যে ১২৯ জন ট্রাক চালক এবং ২৬৬ জন সাধারণ নাগরিক৷ এছাড়া দামছড়া দিয়ে ২৭ জন রাজ্যে প্রবেশ করেছেন৷ এদিন চুড়াইবাড়ি দিয়ে ৪১৩টি যানবাহন রাজ্যে প্রবেশ করেছে৷ এদের মধ্যে ৪৪টি যানবাহন হটস্পট এলাকা থেকে এসেছে৷


শিক্ষামন্ত্রী জানান, রাজ্য সরকারকে বিনামূল্যে ৫টি ভেন্টিলেটর প্রদান করেছে টাটা ট্রাস্ট৷ এনিয়ে এখন কোভিড হাসপাতালে মোট ৯টি ভেন্টিলেটর রোগীদের ব্যবহারের জন্য থাকবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top