ঢাকা, ২ মার্চ (হি.স.) : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সেদেশে সফররত ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। সোমবার সন্ধ্যায় গণভবনে এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। ভারতের বিদেশ সচিবের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তাঁদের মধ্যে মুজিববর্ষ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ঢাকা সফর, উপ-আঞ্চলিক কানেক্টিভিটি, চিনসহ বিভিন্ন দেশে করোনাভাইরাস সংক্রমণের প্রভাবসহ দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় বলে জানান শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম। মুজিববর্ষ উদযাপন উপলক্ষে সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচির বিষয়েও আলাপ হয় বৈঠকে। আলোচনায় করোনা ভাইরাস সংক্রমণের বিষয়টি এলে শেখ হাসিনা বলেন, সম্ভাব্য যেকোনো ঝুঁকি মোকাবেলায় একটি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে।
এদিনের সাক্ষাতকালে অন্যন্যের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মহম্মদ ইমরান আহমেদ এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস।
উল্লেখ্য আগামী ১৬ মার্চ তিনদিনের বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উৎসব উদযাপনে অংশ নিতেই প্রধানমন্ত্রী বাংলাদেশ যাবেন | প্রধানমন্ত্রী মোদীর সফরের আগেই সোমবার দুদিনের সফরে বাংলাদেশ যান বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা। মূলত মোদীর সফরসূচি এবং প্রস্তুতি হিসাবেই শ্রিংলার এই সফর।



















