নয়ডা, ৯ সেপ্টেম্বর (হি.স.) : প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী তথা প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহাকে ২০১৯ সালে লোকসভা নির্বাচনে দাঁড়ানোর জন্য অনুরোধ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
যশবন্ত সিনহাকে উদ্দেশ্য করে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, সম্প্রতি নির্বাচনে না লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন আপনি। কিন্তু আপনার মতো ভাল মানুষ যদি পিছিয়ে আসেন তবে কে দাঁড়াবে। তাই জনগণের দাবি হচ্ছে আপনি পুনরায় নির্বাচন লড়ুন।
শনিবার জন অধিকার র্যালিতে বক্তব্য রাখতে গিয়ে এমনই বলেন দিল্লির মুখ্যমন্ত্রী। ওই একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশবন্ত সিনহা। বর্ষীয়ান এই নেতা বলেন টিভিতে বসা কিছু লোক নিজেকে নেতা হিসেবে ভাবছেন। মানুষকে তারা বোকা ভেবেছেন। কিন্তু মানুষ আর এইসব বরদাস্ত করবে না। দোষীদের যোগ্য জবাব মানুষ পরবর্তী নির্বাচনে দেবে।
উল্লেখ্য, মোদী সরকারের একাধিক জনবিরোধী ইস্যুতে সরব হয়েছে যশবন্ত সিনহা।



















