News Flash

Image

কারও পৌষ মাস কারও সর্বনাশ

৷৷ সায়ন্তক চৌধুরী৷৷

ঃ সাতশ টাকা হাজিরা দেওন লাগব৷

কাঠমিস্ত্রির কথা শুনে গৃহকর্তার হেঁচকি উঠার দশা৷ ঢোক গিলে বললেন কস্ কিতা? পাঁচশ থেইক্যা এক লাফে সাতশ?

ঃ আগে হুনেন কর্তা৷ দেড় হাজিরা হইলে পঞ্চাশ টাকা কম রাখুম৷ এক হাজার টাকা দিবেন৷

গৃহকর্তা জানতে চাইলেন- হঠাৎ কইর্যা হাজিরা বাড়াইলি কেন রে?

ঃ কিতা করুম কর্তা? সরকারী কর্মচারীদের বেতন বাড়তাছে৷ বেতন বাড়ার লগে লগে জিনিষ পত্রের দামও বাইড়্যা যাইবো৷

ঃ আরে বাবা! অহনও তো বেতন বাড়ে নাই৷ আগে বাড়ুক৷ তারপর তোরাও বাড়াস৷

ঃ না কর্তা! অহন থেইক্যা না বাড়াইলে অইবো না৷ আপনাদেরও তো ধাতে সইতে অইবো৷ গৃহকর্তার মুখে আর কথা নেই৷ কেননা, প্রসঙ্গটা জটিল এবং স্পর্শকাতর৷ বিজেপি সরকার ক্ষমতায় এলে সপ্তম পে কমিশন চালুর কথা ঘোষণা দিয়েছিলেন৷ সেই হিসাবে ইতিমধ্যে সরকার পে কমিশন চালুর বিষয়টি খতিয়ে দেখার জন্য কমিটিও গঠন করেছে৷ তিনমাসের মধ্যে ভার্মা কমিটি রাজ্য সরকারের কাছে তাদের রিপোর্ট জমা দেবে৷ এনিয়ে রাজ্যের সরকারী কর্মীরা ফুটন্ত খৈ এর মত ছটফট করছে৷ নতুন বেতন কত হবে এনিয়ে চলছে হিসাব নিকাশ৷ এক শিক্ষিকার আশা তার নতুন বেতন হবে উনচল্লিশ হাজার টাকা৷ তাই যদি হয় তবে তাকে আর কেউ পায়৷ এভাবে সরকারী কর্মীদের বেতন বাড়বে৷ আর স্বামী-স্ত্রী যদি দুজনে সরকারী কর্মী হোন তাহলে তো সোনায় সোহাগা৷ তাইতো স্বপ্ণের জাল বোনা শুরু হয়ে গেছে সরকারী কর্মচারীদের মাঝে৷ চলছে চুলচেরা হিসাব নিকাশের পালা৷

ঠিক তার বিপরীত দিকে ব্যবসায়ী মহলেও চলছে নতুন এক হিসাব নিকাশ৷ অস্বীকার করা যাবে না সরকারী কর্মচারীদের বেতন বাড়লে তার আঁচ রাজ্যের বাজারে এসে পড়ে৷ তর তর করে সব জিনিসের দাম বেড়ে যায়৷ সেই সাথে জ্বালানীর দাম বাড়লে তো গোদের উপর বিষ ফোঁড়ার অবস্থা হয়৷ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায় জিনিসপত্রের দাম৷ রাজ্যে সরকারী কর্মচারীর সংখ্যা হাতে গোনা কয়েক লাখ৷ সপ্তম পে কমিশন মানে তাদের হাতে টাকার ছড়াছড়ি৷ আর এ কয়েক লাখের বাইরে যারা আছেন তাদের মধ্যে কেউ বেসরকারী কর্মী, কেউ ব্যবসায়ী এবং সিংহভাগ মানুষ শ্রমজীবি৷ তারাই পড়বে বিপাকে৷ কেননা, সরকারী কর্মচারীদের পোয়াবারো হলেও তাদের কপালে পোড়ার দশা হয়েছে৷ কেননা, বিভিন্ন বেসরকারী কোম্পানী তাদের কর্মীদের বেতন কেন বৃদ্ধি করবে? আর করলেও বা কত করবে? আর সেই সাথে সিংহভাগ শ্রমজীবী মানুষের অবস্থা যে নুন আনতে পান্তা ফুরানোর মত হবে৷ বর্তমানেও সব জিনিসের দাম নাগালের বাইরে৷ সরকারী কর্মীদের বেতন বাড়লে রকেটের গতিতে যে জিনিসের দাম বাড়বে তা বলার অপেক্ষা রাখে না৷ তাইতো দিনমজুর শ্রমিকরা এখন থেকে নিজেদের মজুরি বাড়াতে চাইছে৷ আর সাধারণ মধ্যবিত্ত যারা কায়ক্লেশে কোনও বেসরকারী ফার্মে চাকুরী করে জীবনের ঘানি টানছেন তারা যেন সেই সময়ে চোখে সর্ষে ফুল দেখবেন৷ কেননা, প্রতিবারই সরকারী কর্মীদের বেতন বাড়লে তার হ্যাঁপা সামলাতে হয় সাধারণ ছা পোষা মানুষদের৷ তারা না ঘরকা না ঘাটকা৷ থলে হাতে মাছ বাজারে গিয়ে তারা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে বড় মাছের দিকে৷ আর তাদের চোখের সামনে এক ঝটকায় বড় মাছটা তুলে নিয়ে যাবেন কেনে রাজ কর্মচারী৷ গরিবরা যে ছোট মাছেও তুষ্ট থাকবে তারও উপায় নেই৷ কেন না, ছোট মাছের দামও আকাশ ছোঁয়া৷ সুতরাং গরিবের পাতে ডাল ভাত, আলু সিদ্ধ৷ নিদেন পক্ষে সুটকীর চাটনি৷ মনে হচ্ছে যেন এখানে বৈষম্যের চিত্র ফুটে উঠছে৷ কেউ খাবে, কেউ খাবে না এমন ধরনের একটা ব্যাপার স্যাপার যেন ভবিষ্যতের জন্য অপেক্ষা করছে৷ এ যেন কারও পোষ মাস, আবার কারও সর্বনাশের মত অবস্থা৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top