নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২ মার্চ৷৷ আবারও নির্বাচন পরবর্তী সন্ত্রাসের ঘটনা৷ পুড়ে ছাই হল আট লক্ষাধিক টাকার রাবার বাগান৷ উত্তর জেলার বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী প্রদীপ কুমার নাথের কুড়ি কানি রাবার বাগান আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে৷ এই নাশকতার অভিযোগ উঠেছে শাসক দল সিপিএম ক্যাডারদের বিরুদ্ধে৷ প্রায় আড়াইশ রাবার গাছ পুড়ে ছাই হয়ে গিয়েছে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, বাগবাসা বিধানসভা কেন্দ্রের কালিকাপুর গ্রামে এই ঘটনা৷ পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পুরো বিষয় সরেজমিনে খতিয়ে দেখেন এবং তথ্য অনুসন্ধান প্রক্রিয়া শুরু করেছে৷ রাবার বাগানের মালিক তথা বিজেপি প্রার্থী প্রদীপ কুমার নাথ অভিযোগ করেন সিপিএমের ক্যাডার বাহিনী এই নাশকতা চালিয়েছে৷ তিনি জানিয়েছেন, এভাবে বিজেপি কর্মীদের বাড়ি ঘরে হামলা, ভাঙচুর, অগ্ণিসংযোগ, ভয় ভীতি প্রদর্শন করে বিজেপির জয়কে আটকানো যাবে না৷ শুধু তাই নয় রাজ্যের মধ্যে অশান্তির পরিবেশ সৃষ্টি করার যে ষড়যন্ত্র শাসক দল সিপিএম করেছে তা ভেস্তে যাবে৷ রাজ্যের মানুষ সিপিএমের অরাজকতার বিরুদ্ধে মতদান করেছেন৷ যা শনিবার ভোট গণনার মধ্য দিয়ে প্রকাশ্যে চলে আসবে৷ তিনি অভিযোগ করেন, পুলিশকে অভিযোগ জানানো হয়েছে৷ কিন্তু, এখনও পর্যন্ত পুলিশ কাইকেই সনাক্ত করতে পারেনি৷ অবিলম্বে দোষীদের সনাক্ত করে গ্রেপ্তাররে দাবী করেছেন তিনি৷

