News Flash

  • Home
  • Uncategorized
  • প্রেম ঘটিত বিবাহে দাদাগিরি নয়, খাপ পঞ্চায়েতকে ধমক সুপ্রিম কোর্টের

প্রেম ঘটিত বিবাহে দাদাগিরি নয়, খাপ পঞ্চায়েতকে ধমক সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : খাপ পঞ্চায়েত সমাজের স্ব-ঘোষিত নীতিরক্ষক হতে পারে না। সম্মান রক্ষার জন্য হত্যার নামে তারা আইন হাতে তুলে নিতে পারে না। দু’জন প্রাপ্তবয়স্ক যখন বিয়ে করবে, তখন সেখানে নাক গলানোর কোনও অধিকার নেই খাপ পঞ্চায়েতের ৷ জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট৷ দু’জন প্রাপ্তবয়স্ক যুবকযুবতী নিজেদের সহমতে বিয়ে করলে সেখানে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ অনধিকার চর্চা হয়ে যাবে। সোমবার হরিয়ানার মতো কয়েকটি রাজ্যে খাপ পঞ্চায়েতের বাড়বাড়ন্ত এবং পরিবারের সম্মান রক্ষার্থে বেড়ে চলা খুনের বিরুদ্ধে একটি স্বেচ্ছাসেবী সংস্থার দায়ের করা আবেদনের শুনানিতে এই নির্দেশ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র।
শীর্ষ আদালত আরও বলেছে, একজন প্রাপ্তবয়স্ক পুরুষ যদি অপর একজন প্রাপ্তবয়স্ক মহিলাকে বিয়ে করেন, তাহলে তাঁদের বিয়ে বৈধ কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আদালত আছে। খাপ পঞ্চায়েত ওই দম্পতির উপর অত্যাচার চালাতে পারে না। সেইসঙ্গে ভিন ধর্ম, ভিন জাত বা অন্য কোনও সামাজিক বাধার বিরুদ্ধে যাঁরা বিয়ে করছেন বা ভবিষ্যতে করবেন, তাঁদের নিরাপত্তার জন্য পুলিশের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার কথা ভাবা হচ্ছে বলে জানাল শীর্ষ আদালত । এই কমিটি সংশ্লিষ্ট দম্পতিদের খাপ পঞ্চায়েত, বাবা-মা বা অন্যান্য আত্মীয়দের হামলা থেকে রক্ষা করবে।
খাপ পঞ্চায়েতের আইনজীবী অবশ্য আদালতে বলেন, এধরনের হত্যা কখনওই সমর্থন করে না খাপ পঞ্চায়েত। এদিন প্রধান বিচারপতি বলেন, খাপ পঞ্চায়েত নিয়ে শীর্ষ আদালত চিন্তিত নয়। আদালতের চিন্তা, দু’জন প্রাপ্তবয়স্ক নারী–পুরুষের নিজস্ব মতে বিয়ে করার অধিকার নিয়ে।
এদিনই দিল্লির রাস্তায় মুসলিম বান্ধবীর পরিবারের হাতে নিজের বাড়ির সামনে ফোটোগ্রাফার অঙ্কিত সাক্সেনার হত্যার বিষয়টি আদালতে তোলা হয়। সে সময় প্রধান বিচারপতি বলেন, ওই মামলাটি এখনও সুপ্রিম কোর্টে আনা হয়নি। ফলে এনিয়ে তাঁরা কিছু বলবেন না।
উল্লেখ্য, একটি এনজিও শক্তি বাহিনী ২০১০ সালে প্রশাসনকে এই নিয়ে একটি আবেদনপত্র জমা দিয়েছিল৷ সেখানে বলা হয়েছিল, এই ‘অনার কিলিং’ নিয়ে যেন তারা যত দ্রুত সম্ভব কোনও ব্যবস্থা নেয়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top