ঢাকা, ১১ নভেম্বর (হি.স.): বাংলাদেশের নাটোরের সিংড়া উপজেলায় যাত্রীবোঝাই বাস ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন শিশু সহ দু’জন| মর্মান্তিক দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন অন্তত ৬ জন| শনিবার দুপুর ১২.১৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে সিংড়া উপজেলার নাটোর-বগুড়া সড়কের শেরকোল সাতমাইল এলাকায়| দুর্ঘটনায় নিহতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে|
শফিকুল ইসলাম নামে পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শনিবার দুপুরে নাটোর থেকে যাত্রীবোঝাই একটি বাস রংপুর যাচ্ছিল| দুপুর তখন ১২.১৫ মিনিট হবে, শেরকোল সাতমাইল এলাকায় যাত্রীবোঝাই বাস ও একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বাসের চালকের| আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সা চলাকালীন মৃত্যু হয় একটি শিশুর| বাকিরা হাসপাতালে চিকিত্সাধীন| মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|



















