News Flash

  • Home
  • Uncategorized
  • নীতি আয়োগের দৃষ্টিভঙ্গিতে গন্ডগোলের কারণেই রেগায় কোপ পড়েছে ঃ অর্থমন্ত্রী
Image

নীতি আয়োগের দৃষ্টিভঙ্গিতে গন্ডগোলের কারণেই রেগায় কোপ পড়েছে ঃ অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর৷৷ খোঁচা দেওয়ার মূল হাতিয়ার এখন দৃষ্টিভঙ্গি৷ তাই অর্থমন্ত্রী ভানুলাল সাহার মতে, নীতি আয়োগের দৃষ্টিভঙ্গিতে গন্ডগোলের কারণেই রেগায় কোপ পড়েছে৷ এদিকে, দৃষ্টিভঙ্গি নিয়ে সাম্প্রতিক একটি মন্তব্যকে টেনে তিনি যোগ করেন, এখন আবার কেউ কেউ বলে থাকেন, আন্দোলন মুখ্য নয়, দৃষ্টিভঙ্গিই আসল৷ তাঁর কটাক্ষ, এই চিন্তাধারা বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি হতে পারে না৷
মঙ্গলবার মহাকরণে অর্থমন্ত্রী ভানুলাল সাহার কাছে রেগার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হয়৷ তিনি সাংবাদিকদের বলেন, রেগা প্রকল্পে নানা ধরণের পদ্ধতি এনেছে কেন্দ্রীয় সরকার৷ শুধু তাই নয়, বিভিন্ন প্রকল্পে নতুন নতুন পদ্ধতি চালু করেছে কেন্দ্র৷ তার মধ্যে অন্যতম জিও ট্যাগিং৷ তাঁর মতে, জিও ট্যাগিং একটি দীর্ঘকালিন প্রক্রিয়া৷ রাজ্যের অনেক জায়গায় ইন্টারনেট পরিষেবা সঠিকভাবে মিলেনা৷ ফলে সমস্যার সম্মুখিন হতে হচ্ছে রাজ্যকে৷ অর্থমন্ত্রী বলেন, প্রতিটি কাজের শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে নজরদারি করছে কেন্দ্রীয় সরকার৷ এবিষয়ে তিনি প্রশ্ণ তুলে ধরে বলেন, এত অবিশ্বাস করলে জনকল্যাণমুখী রাষ্ট্রে মানুষের জন্য কাজ করার কোন ইচ্ছা কেন্দ্রীয় সরকারের আদৌ আছে কি না, তা বোঝা যাচ্ছেনা৷ তাঁর মতে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে রাজ্যগুলির উপর ভরসা রাখা উচিত৷
রেগা প্রকল্প নিয়ে তিনি ব্যঙ্গ করে বলেন, এই স্কীমে যে টাকা খরচ হয় নীতি নির্ধারক যারা রয়েছেন তারা একে বাজে খরচ বলে মনে করছেন৷ অর্থমন্ত্রীর মতে, শ্রমক্ষমতা ধরে রাখা না গেলে উৎপাদন ব্যহত হবে৷ এদিকে উৎপাদনের সাথে দেশের জিডিপি যুক্ত৷ স্বাভাবিকভাবেই শ্রম ক্ষমতা ধরে না রাখলে জিডিপি নিম্নমুখী হবে৷ এটা প্রচলিত অর্থনীতির মূলমন্ত্র, কটাক্ষ করেন অর্থমন্ত্রী৷ কারণ, মানুষের হাতে টাকা আসলে তবেই বাজার চাঙ্গা থাকবে, দাবি করেন তিনি৷ তাতে তিনি বোঝাতে চেয়েছেন, রেগা প্রকল্প বন্ধ হয়ে গেলে গ্রামীণ অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়বে৷
তিনি বলেন, কৃষি কিংবা শিল্প ক্ষেত্রে উৎপাদন যত বাড়বে উন্নয়নও সমহারে বাড়বে৷ রেগা প্রকল্পে রাজ্যে জলাধার নির্মাণ, বৃক্ষরোপণ ইত্যাদি কাজ হচ্ছে৷ এর সাথে প্রকৃতির যোগাযোগ রয়েছে, যা বিজ্ঞানসম্মত৷ কিন্তু, একই কাজ বার বার করা যাবে না, এই কথা বলে রেগায় বরাদ্দে কোপ পড়েছে৷ অর্থমন্ত্রী বলেন, এবিষয়ে বিজ্ঞানভিত্তিক কোন যুক্তি খঁুজে পাওয়া যাচ্ছেনা৷
তবে, এসবের জন্য তিনি নীতি আয়োগকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন৷ অর্থমন্ত্রী বলেন, দেশের নীতি নির্ধারণে নীতি আয়োগ প্রধান ভূমিকা পালন করছে৷ রেগা প্রকল্পে নিত্য নতুন পন্থা নীতি আয়োগ ঠিক করছে৷ এবিষয়ে তিনি উষ্মা প্রকাশ করে বলেন, নীতি আয়োগের নীতিতেই গন্ডগোল রয়েছে৷ তাঁর কটাক্ষ, নীতি আয়োগের দৃষ্টিভঙ্গিতে গন্ডগোলের কারণেই এমনটা হচ্ছে৷
সম্প্রতি, রাজধানী এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যপাল দৃষ্টিভঙ্গি নিয়ে রাজ্য সরকারকে খোঁচা দিয়েছিলেন৷ এরই পাল্টা এদিন অর্থমন্ত্রী ভানুলাল সাহা দিয়েছেন৷ তাঁর কটাক্ষ, এখন অনেকেই মনে করেন, আন্দোলন মুখ্য নয়, দৃষ্টিভঙ্গিই আসল৷ তাঁর মতে, দৃষ্টিভঙ্গি না থাকলে আন্দোলন সম্ভব নয়৷ কারণ, আন্দোলন কোন কিছু পাওয়ার প্রচেষ্টায় হয়৷ আন্দোলনকে খাঁটো করে দেখার চিন্তাধারা বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি হতে পারেনা বলে দাবি করেন অর্থমন্ত্রী৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top