News Flash

  • Home
  • Uncategorized
  • মুকুল রায় চাইলে রাজ্য থেকে তৃণমূলকে হঠানো কোনও ব্যাপার নয় : জেটলি
Image

মুকুল রায় চাইলে রাজ্য থেকে তৃণমূলকে হঠানো কোনও ব্যাপার নয় : জেটলি

কলকাতা, ৬ নভেম্বর ( হি.স.): সোমবার সাত সকালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা বি জে পি-র শীর্ষ নেতা অরুণ জেটলির বাড়িতে পৌঁছে যান সদ্য বি জে পি-তে যোগদান করা এরাজ্যে সাম্প্রতিককালে সবচেয়ে আলোচিত রাজনীতিক মুকুল রায় ৷ মুকুল রায়ের ঘনিষ্ঠদের সুত্রে জানা গেছে, এদিন সকালে জেটলির বাড়িতে প্রায় এক ঘণ্টা ছিলেন মুকুল রায় ৷ ওয়াকিবহাল মহলের মতে, বি জে পি-র শীর্ষ নেতৃত্বর আর্শীবাদ মাথায় নিয়েই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বধ করতে এসেছেন মমতারই একসময়ের রাজনৈতিক সঙ্গী মুকুল রায় ৷ আসলে তাকে বি জে পি-তে যোগ দেওয়ানোর জন্য সবচেয়ে বেশী আগ্রহী ছিলেন অরুণ জেটলি ৷ তিনিই শুরু থেকে কথাবার্তা চালিয়ে যান অমিত শাহের সঙ্গে ৷
গত কয়েকদিন ধরে রাজধানীতে অমিত শাহ থেকে অরুণ জেটলি, কৈলাস বিজয়বর্গীর মতো শীর্ষ নেতৃত্বর সঙ্গে দফায় দফায় একাধিকবার বৈঠক করেছেন মুকুল রায় ৷ যা থেকে ওয়াকিবহাল মহলের মতে, আগামীদিনে বাংলায় বি জে পি-র মুখ হতে চলেছেন মুকুল রায় ৷ তাঁকে সামনে রেখেই মমতা বধের রূপরেখা তৈরি করছেন অমিত শাহ ও নরেন্দ্র মোদী ৷
সোমবার দুপুরে বেলা ১২টা ১৫-র ফ্লাইটে দিল্লি থেকে কলকাতায় ফেরেন মুকুল রায় ৷ রাজ্যে ফেরার আগে এদিন সকালে ফের অরুণ জেটলির বাড়িতে যান তিনি ৷ বি জে পি সূত্রের খবর, অরুণ জেটলি নিজে ফোন করে মুকুলকে নিজের বাড়িতে ডেকে নেন ৷ এদিন সকাল সওয়া আটটা নাগাদ তাঁর বাড়িতে যান তৃণমূলের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ রাজ্যে বি জে পি-র সাংগঠনিক বিস্তার কোন পথে সম্ভব তা নিয়ে দু-জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয় ৷ পরে জেটলির সঙ্গে নিজের তোলা ছবি ফেসবুকে নিজের ওয়ালে পোস্টও করেন বি জে পি নেতা মুকুল রায় ৷ ছবিতে দেখা যাচ্ছে জহর কোর্ট, মতান্তরে মোদী কোর্ট পরে জেটলির সঙ্গে একই সোফায় বসে গল্প করছেন তিনি ৷
মুকুল রায়ের ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, বাংলায় তৃণমূলকে হঠিয়ে বি জে পি-র ক্ষমতা দখলের ক্ষেত্রে মুকুল কার্যকারী ভূমিকা পালন করতে পারেন বলে আশাবাদী বি জে পি-র শীর্ষ নেতৃত্ব ৷ মুকুল ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, ‘এদিন জেটলি মনে করিয়ে দিয়েছেন যে সি পি এমের মতো আদ্যান্ত শক্তিশালী সংগঠনে মোড়া দলকে রাজ্যের ক্ষমতা থেকে চ্যুত করার ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য ৷ স্বাভাবিকভাবে তিনি চাইলে তৃণমূলকে এরাজ্য থেকে হঠানো কোনও ব্যাপারই না ৷ প্রত্যুত্তরে মুকুলও জেটলিকে আশ্বস্ত করে বলেছেন, ‘বাংলার মানুষ আমার সঙ্গে আছে ৷ তৃণমূলের দাম্ভিকতার বিরুদ্ধে নিচুতলার মানুষ ঐক্যবদ্ধ হচ্ছেন৷ একটু ধৈর্য্য ধরুন, দেখতে পাবেন বাংলায় কিভাবে তৃণমূলে ধস নামাই ‘ ৷
বি জে পি-র কেন্দ্রীয় স্তরের এক নেতার কথায়, ‘বাংলার বি জে পি-তে দক্ষ সাংগঠনিকের অভাব ছিল ৷ মুকুলবাবু বি জে পি-তে আসায় সেই অভাব পূরণ হল ৷ অমিতজিও ওঁনাকে নিয়ে ভীষণই আশাবাদী৷ আশাকরি এবার, বাংলায় পরিবর্তন ঘটবে ‘৷ওই নেতার কথায়, ‘মুকুলবাবু শুধু দক্ষ সংগটকই নন, উনি ভীষণ বিনয়ী, ভদ্র ও নম্র ৷ সকলকে সঙ্গে নিয়ে চলার মানসিকতা রয়েছে ওঁনার৷ যা সংগঠন বিস্তারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ‘৷
গতকাল রাতেই ফের বি জে পি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেন মুকুল রায় ৷ দলীয় সূত্রের খবর, রাজ্যে বি জে পি-র সাংগঠনিক বিস্তার নিয়ে এদিন সন্ধেয় অমিত শাহর বাসভবনে বৈঠকে বসেন মুকুল রায় ৷ মুকুল ঘনিষ্ঠ শিবির সূত্রে জানা গিয়েছে, বি জে পি-তে যোগ দিতে যাওয়ার সময় এরাজ্যের রাজনৈতিক পরিস্থিতির বিস্তারিত তথ্য সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন তৃণমূলের এক সময়ের ‘সেকেন্ড ইন কম্যান্ড ’৷ রাজ্যের বুথ ভিত্তিক ফলাফল ধরে কোথায় তৃণমূল শক্তিশালী, কোথায় তৃণমূল অপেক্ষাকৃত কম শক্তিশালী ও কোথায় তৃণমূল দুর্বল তার তালিকা তৈরি করে রেখেছিলেন ৷ গতরাতে সেই তালিকা ধরেই বি জে পি সভাপতির সঙ্গে বৈঠক করেন মুকুল ৷
অমিত শাহের কাছ থেকে তিনি জেনে নেন, রাজ্যের কোন কোন পয়েন্টে বি জে পি ও আর এস এসের কি ধরণের সংগঠন রয়েছে ৷ সূত্রের খবর, মুকুলবাবু এদিন অমিত শাহকে আশ্বস্ত করেছেন যে তাঁর বি জে পি-তে যোগদানের জেরে চলতি বছরের মধ্যেই তৃণমূলে বড়সড় ভাঙন নিশ্চিত ৷ ফলে এরাজ্যে বি জে পি-র সাংগঠনিক বিস্তার এখন শুধুই সময়ের অপেক্ষা ৷ রাজ্যের কোন জেলার কোন বিধানসভা থেকে কারা কারা তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দিতে চলেছেন, সম্ভাব্য সেই তালিকাও অমিত শাহর হাতে তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের রাজনৈতিক ছায়া সঙ্গী ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top