চিত্তাবাড়িতে গুলিতে নিহতের পরিবারগুলির সদস্যদের সাথে কথা বললেন বিজেপি প্রতিনিধিদল

বিশেষ প্রতিনিধি, সাব্রুম ২০ মার্চ৷৷ গত শুক্রবার সাব্রুমের হার্বাতলীর চিত্তাবাড়িতে বিএসএফ’র গুলিতে তিনজন নিহত এবং দুজন আহত হবার ঘটনায় এখনো এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়নি৷ আজ সোমবার রাজ্য বিজেপির সহ সভাপতি সুবল ভৌমিকের নেতৃত্বে এক প্রতিনিধি দল এলাকা সফরে আসেন৷ বিজেপি দলের প্রতিনিধি দল শোকহত পরিবারগুলোর সাথে কথা বলেন৷ সমবেদনা জ্ঞাপন করেন নিহত তিনজনের পরিবারকে বিজেপি দলের পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা করে সাহায্য দেবার ঘোষণা করেন৷ এবং আহত দুজনকে পনের হাজার টাকা করে দেবার ঘোষণা করেন৷ বিজেপির সহ সভাপতি সুবল ভৌমিক৷ সুবল ভৌমিক ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন বিজেপির প্রদেশ কমিটির সদস্য প্রাক্তন মন্ত্রী জওহর সাহা, মহিলা নেত্রী আইনজীবী কল্যাণী রায়, উপজাতি নেতা দেবব্রত কলই, রামপদ জমাতিয়া দক্ষিণ জেলা কমিটির সভাপতি বিভীষণ দাস৷
বিজেপি নেতা এলাকা সফর করে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বলেন দল নিহত এবং আহতদের পরিবারের সাথে আছে৷ তাদের আর্থিক সাহায্যের পাশাপাশি সন্তানদের লেখাপড়ার ব্যাপারে বিজেপি সাহায্য করবে৷
তিনি রাজ্য সরকারের কাছে দাবি জানিয়ে বলেন নিহতদের পরিবারে পাঁচ লক্ষ টাকা এককালীন সাহায্য সহ পরিবারের একজনকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার দাবি করে৷ তিনি বিস্ময় প্রকাশ করে বলেন উন্নয়নের জন্য এতো আর্থিক বরাদ্দ হচ্ছে কিন্তু হার্বাতলী চিত্তাবাড়িতে উন্নয়ন নেই, রাস্তাঘাটের অবস্থা শোচনীয়৷ এখন অব্দি রাজ্য সরকার তাদের পাশে না দাঁড়ানোর বিষয়ে ক্ষোভ ব্যক্ত করেন৷ প্রাক্তন মন্ত্রী জওহর সাহাও সরকারের দৃষ্টিভঙ্গী সদিচ্ছা নিয়ে প্রশ্ণ তুলেন৷