নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১০ মার্চ৷৷ বোনের বিয়ের জন্য ছুটি না পেয়ে সার্ভিস রাইফেলের বুলেটে আত্মঘাতী হলেন এক বিএসএফ জওয়ান৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত বারোটা নাগাদ বক্সনগর সীমান্তের রুখিয়া বিদ্যুৎ কেন্দ্রের পাশে৷ নিহত জওয়ানের নাম বিজেশ পিতি৷ বয়স আনুমানিক ২৫ বছর৷ তিনি বিএসএফের ৩১ নম্বর ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন৷
অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার রাতেও তার ডিউটি ছিল৷ হাতিয়ার সহ ঐ জওয়ান রুখিয়া বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ণ সীমান্তে কাঁটাতারের বেড়া এলাকায় প্রহরায় ছিল৷ হঠাৎই তিনি তাঁর সার্ভিস রাইফেল থেকে পরপর তিনটি বুলেট ছুঁড়েন নিজের শরীরে৷ গুলির আওয়াজ শোনে অন্যান্য জওয়ানরা ঘটনাস্থলে ছুটে যান৷ রক্তাক্ত অবস্থায় তাঁকে গাড়িতে তুলে বক্সনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা জানান হাসপাতালে পৌঁছার আগেই তাঁর মৃত্যু হয়েছে৷ পরে বিএসএফ জওয়ানরা নিহতের মৃতদেহ বিএসএফের প্রধান কার্যালয়ে নিয়ে গিয়েছে৷ আগামীকাল শবদেহ পাঠানো হবে কেরালায় তাঁর নিজ বাড়িতে৷ এই ব্যাপারে কলমচৌড়া থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে৷ প্রসঙ্গত, প্রায়ই শোনা যায় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা প্রয়োজনে ছুটির আবেদন করে ছুটি মঞ্জুর না হলে হতাশায় আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন৷ এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও বেশী সতকর্তা অবলম্বন করা জরুরী বলে অভিমত তথ্যাভিজ্ঞ মহলের৷
2017-03-11

