নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১০ মার্চ৷৷ রাতভর নিখোঁজ থাকার পর সাত সকালে এক ছাত্রীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হল৷ ঐ ছাত্রী মাধ্যমিক পরিক্ষার্থী৷ ঘটনাটি ঘটেছে খোয়াই জেলার কল্যাণপুর থানার অধীন বড়ময়দানের ছনখলা গ্রামে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷ তবে কে বা কারা ঐ মাধ্যমিক পরীক্ষার্থীকে হত্যা করেছে এই বিষয়ে কোন ক্লু পায়নি৷
সংবাদে প্রকাশ, এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল বিথিকা দেববর্মা৷ শনিবারও তার পরীক্ষা রয়েছে৷ বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতেই ঘরে পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত ছিল বিথিকা৷ হঠাৎ করে বাড়ি থেকে লোকজনের অলক্ষ্যে বেড়িয়ে যায়৷ শুক্রবার সকালে তার রক্তাক্ত মৃতদেহ দেখা যায় বাড়ির কিছু দূরে একটি খালি জমিতে৷ সঙ্গে সঙ্গেই বিষয়টি কল্যাণপুর থানায় জানানো হয়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷
এদিকে, পরিবারের লোকজন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বিথিকা যখন পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিল৷ তখন বারবার কে বা কারা মোবাইলে ফোন করছিল৷ তারপর হঠাৎই সে ঘর থেকে বেড়িয়ে যায়৷ তারপর আর বাড়ি ফিরেনি৷ পরিবারের লোকজনের কথা অনুসারে যতদূর জানা গিয়েছে তারা রাতে আর বিথিকার কোন খোঁজ খবর করেনি৷ বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে৷ এদিকে, পুলিশ বিথিকার মোবাইল ফোনটি সিজ করেছে৷ মোবাইল ফোনে যে সব কল এসেছে সেগুলি খতিয়ে দেখে যার যুবককে থানায় তলব করে জিজ্ঞাসাবাদ করেছে৷ তবে কাউকেই গ্রেপ্তার করা হয়নি৷ মূলতঃ সন্দেহের বশেই ঐ চার যুবককে থানায় ডেকে আনা হয়েছিল৷ বিথিকা হত্যাকান্ডের একটি মামলা নিয়েছে কল্যাণপুর থানার পুলিশ৷ তদন্ত শুরু হয়েছে৷ পুলিশের দাবি মোবাইলের সূত্র ধরেই এই হত্যাকান্ডের সাথে জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে৷ তবে, প্রাথমিকভাবে পুলিশের অনুমান প্রণয়ের সূত্রেই এই হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে৷
এদিকে, বিথিকা দেববর্মা হত্যার সঠিক তদন্ত করে দোষিদের শাস্তির দাবীতে কল্যাণপুরে মিছিল করে থানায় ডেপুটেশন প্রদান করেছে৷ এসএফআই এবং টিএসইউ তেলিয়ামুড়া মহকুমা কমিটি৷ ডেপুটেশনে উপস্থিত ছিলেন টিএসইউ মহকুমা সম্পাদক বিকাশ দেববর্মা, এসএফআই মহকুমা সভাপতি সুবীর পাল এবং প্রাক্তন ছাত্র নেতা সমীর চক্রবর্তী৷ সংগঠনগুলির তরফ থেকে দাবী জানানো হয়েছে যে অবিলম্বে বিথিকা দেববর্মা হত্যাকারীদেরকে খঁুজে বের করা এবং কঠোরতম শাস্তি প্রদান করা৷
2017-03-11

