শহিদ জওয়ানের স্ত্রী এবার যোগ দিচ্ছেন ভারতীয় সেনায়

নয়াদিল্লি, ৯ মার্চ (হি.স.) : মণিপুরে সন্ত্রাসবাদীদের সংঘর্ষে নিহত ভারতীয় জওয়ানের স্ত্রী এবার যোগ দিচ্ছেন সেনা বাহিনীতে| দেশের জন্য প্রাণ দিয়েছিলেন তাঁর স্বামী| এবার দেশের সেবা করতে এগিয়ে এলেন শহিদ সেনা জওয়ানের স্ত্রীও| জানা গিয়েছে, গত বছর মণিপুরে সন্ত্রাসবাদীদের সংঘর্ষে মারা গিয়েছিলেন ভারতীয় সেনার স্পেশাল ফোর্সের জওয়ান মেজর অমিত দেশওয়াল| এবার ভারতীয় সেনায় যোগ দিতে চলেছেন তাঁর স্ত্রী নীতা দেশওয়াল| ৩৩ বছর বয়সি নীতা কয়েকদিন আগেই শর্ট সার্ভিস কমিশন অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন| তাই আগামী ১ এপ্রিল থেকে চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে শুরু হবে তাঁর ট্রেনিং| ৪৯ সপ্তাহ ট্রেনিংয়ের পর ভারতীয় সেনার লেফ্টেন্যান্ট পদে যোগ দেবেন তিনি|

২০১৬ সালের এপ্রিলে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে স্বামী মারা যান| মানসিকভাবে আঘাত পেলেও ভেঙে পড়েননি নীতা| ঠিক করেন স্বামীর মতোই দেশের হয়ে সেবা করবেন| তাই স্বামীর মৃতু্যর দু’মাস পরে তিন বছরের ছেলেকে নিয়ে হরিয়ানা থেকে দিল্লি চলে আসেন| সেখানে সার্ভিস সিলেকশন বোর্ডের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকেন| ওই বছরের নভেম্বরেই তাঁর নাম শর্ট সার্ভিস কমিশনের জন্য সুপারিশ করা হয়| হরিয়ানা সরকার তাঁকে চাকরির প্রস্তাব দিলেও সেনায় যোগ দেওয়ার জন্য তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন| এক সাক্ষাত্কারে তিনি বলেন, আমার বিশ্বাস সেনায় যোগ দেওয়ায় আমার স্বামী সবসময় আমার পাশে থাকবে| আপাতত ট্রেনিংয়ে সফল হওয়াটাই আমার মূল লক্ষ্য|