মুম্বই, ৫ মার্চ ( হি.স.) : রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেলকে হুমকি দিয়ে ই-মেল পাঠানোর দায়ে ধৃতের সোমবার পর্যন্ত পুলিশ হেফাজত । রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরকে হুমকি মেল পাঠানোয় নাগপুর থেকে গ্রেফতার করা হয় বৈভব বদলওয়ারকে (৩৭)। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৬ (২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। ধৃতকে নাগপুর আদালত পেশ করা হলে আদালত তাকে সোমবার পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।জানা গেছে, গত মাসের ২৩ তারিখ রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরকে পাঠানো ই-মেলে বলা হয়, তিনি পদত্যাগ না করলে তাঁর ও তাঁর পরিবারের লোকেদের ক্ষতি করা হবে। এঘটনায় তদন্তে নেমে পুলিশ জানতে পারে, নাগপুরের একটি সাইবার ক্যাফে থেকে ওই ই-মেল পাঠানো হয়েছে। এরপরেই বৈভবকে গ্রেফতার করা হয়। নাগপুর আদালত তাঁর সোমবার পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।বৈভব বিদেশে পড়াশোনা করেছেন। তবে তিনি এখন কর্মহীন। সম্ভবত সেই হতাশা থেকেই তিনি এই কাণ্ড ঘটিয়েছেন বলে সন্দেহ করছে পুলিশ। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।-
2017-03-05
